স্বেচ্ছাসেবক দল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল
- আপডেট সময় ০৬:২৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / ২১ বার পড়া হয়েছে
সাতক্ষীরার কালিগঞ্জে স্বেচ্ছাসেবক দলের এক নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হয়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
শনিবার (২৭ জুন) রাতে কাজী আবু সাঈদ সোহেলের মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটিতে তাকে নির্জন একটি স্থানে ইয়াবাসহ মাদক সেবন করতে দেখা যাচ্ছে বলে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী আবু সাঈদ সোহেলকে মাদক সেবন করতে দেখা গেছে।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিশেষ করে, কালিগঞ্জ উপজেলায় মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা কার্যক্রম ও বিভিন্ন অভিযান চলমান থাকাকালে এমন একটি ভিডিও প্রকাশ পাওয়ায় বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি দাবি করেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে কাজী আবু সাঈদ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন। তাদের অভিযোগ, তিনি একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে এলাকায় মাদক কারবার পরিচালনা করছেন।
এ বিষয়ে জানতে চাইলে আবু সাঈদ অভিযোগ অস্বীকার করে বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। রাজনৈতিক প্রতিপক্ষ আধুনিক প্রযুক্তি ও এআই ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে। প্রকৃত সত্য উদঘাটনের জন্য আমি নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শেখ শরিফুজ্জামান সজীব বলেন, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি আমরা দেখেছি। এটি তার ব্যক্তিগত কর্মকাণ্ড। এ ঘটনার দায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কোনোভাবেই নেবে না।



















