স্কুল আঙিনায় গাছে বেঁধে ছাত্রী ও যুবককে বিএনপি নেতার নির্যাতন
- আপডেট সময় ০৭:৩২:১২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / ১৯ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের কাশিয়ানীতে স্কুল আঙিনায় ছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ভোরে সদর উপজেলার সাতপাড় গ্রাম থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ মাহফুজুর রহমান।
আটক নয়ন গোলদার (৪৫) কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের রাহুথড় গ্রামের নীরোদ গোলদারের ছেলে এবং হাতিয়াড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
কাশিয়ানী থানার ওসি বলেন, গত ২৮ জুলাই উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের রাহুথড় উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক স্কুলছাত্রী ও এক যুবককে গাছের সঙ্গে বেঁধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে। এ সময় ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। যা ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
পরে অপমান ও মানসিক যন্ত্রণায় ১৩ বছর বয়সী ওই কিশোরী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে বলে পরিবার দাবি করেছে। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরে সুস্থ্ হয়ে ওই শিক্ষার্থী বাড়ি ফিরেছে।
এ ঘটনায় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নয়ন গোলদার, স্থানীয় যুবক জয় শিকদার, মিশন রায়সহ আরও কয়েকজনের জড়িত থাকার অভিযোগ উঠেছে।
কাশিয়ানী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম এ ব্যাপারে শনিবার বলেছিলেন, “যেহেতু নয়নের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, আমি বিষয়টি যাচাই-বাছাই করে দেখব। তারপরে আপনাদের (সাংবাদিক) বিষয়টি সম্পর্কে জানাতে পারবো।”
ওসি আরও জানান, আটক নয়ন গোলদারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনার সাথে জড়িত অন্যদের শনাক্ত ও আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে ।
এছাড়া নির্যাতনের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওই কর্মকর্তা ।






















