যুবদল নেতা নয়নের নেতৃত্বে ঢাকা আলিয়ার হল দখল
- আপডেট সময় ১০:০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / ২৬ বার পড়া হয়েছে
রাজধানীর বকশীবাজারে সরকারি ঢাকা আলিয়া মাদ্রাসার আবাসিক হলের সিট দখলকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ সময় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে কয়েকশ ছাত্রদল নেতাকর্মীরা শিবিরের উপর হামলা চালায় বলে অভিযোগ করে শিবির। ঘটনার পর শিবির নেতাকর্মীদের বের করে মাদ্রাসার আবাসিক হল দখলে নেওয়ার অভিযোগ উঠেছে নয়ন ও তার অনুসারীদের বিরুদ্ধে।
মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে কয়েকশ নেতাকর্মীরা ঢাকা আলিয়া মাদ্রাসার আল্লামা কাশগরী (রহ.) হলে প্রবেশ করেন। হলটি দখল করেন তারা।
এরপর সেখান থেকে শিবির নেতা-কর্মীদের বের করার অভিযোগ নয়নের বিরুদ্ধে। তবে এর আগে হল ছেড়ে পিছু হটে শিবিরের নেতাকর্মীরা।
এরপর শিবিরের দখলে থাকা হলের বেশ কয়টি রুম ভাঙচুর করা হয়। এ সময় সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল হককে মারধর করে যুবদলের নেতা–কর্মীরা। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্বের প্রচার সম্পাদক দাউদ খান সাংবাদিকদের বলেন, ‘ঢাকা আলিয়া মাদ্রাসায় যুবদল ও ছাত্রদলের সন্ত্রাসী হামলায় আহত ২৫ জন। এর মধ্যে ফুয়াদ নামে আমাদের এক কর্মীর অবস্থা সংকটাপন্ন।’
ঢাকা আলিয়া মাদ্রাসা শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ও কামিল প্রথম বর্ষের শিক্ষার্থী সাদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘শিবিরের সন্ত্রাসীরা দফায় দফায় আমাদের ওপর হামলা করেছে। তাঁদের হামলায় আমাদের ৩০ জনের বেশি নেতা–কর্মী আহত হয়েছে। দুইজনের অবস্থা গুরুতর।’
সংঘর্ষের সময় যুবদলের কেন্দ্রীয় নেতা রবিউল ইসলাম নয়নকে হাতে পাইপ ও মাথায় হেলমেট পরা অবস্থায় মাঠে তাণ্ডব চালাতে দেখা গেছে। সাদা পাঞ্জাবি পরিহিত নয়নকে ঘটনার সময় এক স্থান থেকে অন্য স্থানে দৌড়ে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের সংগঠিত করতে এবং তাদের পক্ষে সরাসরি নেতৃত্ব দিতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা।



















