বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত
মির্জা ফখরুলই হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
- আপডেট সময় ০১:১৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / ২১ বার পড়া হয়েছে
দেশের ২৩তম রাষ্ট্রপতি হচ্ছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দলটির স্থায়ী কমিটির বৈঠক চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ বৃহস্পতিবার। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচন ভবনে নির্বাচনি কর্মকর্তার দপ্তরে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।
ইতোমধ্যে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অব. অলি আহমদের পক্ষে রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জামায়াতের সাবেক এমপি হামিদুর রহমান আযাদ তার পক্ষে রিটার্নিং কর্মকর্তা ও সিইসি এ এম এম নাসিরুদ্দিনের কাছে নির্বাচন ভবনে মনোনয়নপত্র জমা দেন।
ইসির তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার পর আগামী ১৬ আগস্ট তা বাছাই করবে নির্বাচন কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
১৯৯১ সালের পর এবারই রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিএনপির পাশাপাশি জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট প্রার্থী দেওয়ায় এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সুযোগ থাকছে না।




















