ক্ষুদ্র বেকারি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে মালিকদের মানববন্ধন
- আপডেট সময় ০৩:৫৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে চরম সংকটে পড়া ক্ষুদ্র বেকারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বেকারি মালিকেরা। মঙ্গলবার দুপুরে শহরের আখড়া বাজার ব্রিজ-সংলগ্ন বিজয় চত্বরে বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতির জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় কাঁচামালের অগ্নিমূল্য ও উৎপাদন ব্যয় মাত্রাতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় জেলার শতাধিক ক্ষুদ্র বেকারি প্রতিষ্ঠান আজ গভীর সংকটে পড়েছে। বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে অসম প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরে অনেক ক্ষুদ্র কারখানা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এতে করে এসব কারখানায় কর্মরত কয়েক হাজার শ্রমিক কর্মসংস্থান হারিয়ে বেকার হয়ে পড়ার তীব্র আশঙ্কায় রয়েছেন।
এ সংকট উত্তরণে বেকারি মালিকরা পাঁচ দফা দাবি তুলে ধরেন। তাদের দাবিগুলো হলো—কাঁচামালের বাজারমূল্য নিয়ন্ত্রণ করা, গ্যাস ও বিদ্যুতের বিল শিল্পহারে নির্ধারণ করা, সহজ শর্তে স্বল্প সুদে ঋণ সুবিধা প্রদান করা এবং বিএসটিআই-এর লাইসেন্স প্রদান প্রক্রিয়া সহজিকরণসহ প্রশাসনিক হয়রানি বন্ধ করা।
মানববন্ধন শেষে বেকারি মালিক সমিতির নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে তাদের পাঁচ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।
উক্ত মানববন্ধনে বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ডা. সাব্বির আহমেদ, সহসভাপতি মো. বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক মো. বাবুল আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।



















