খুলনায় বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় ০১:১৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১৭ বার পড়া হয়েছে
খুলনার হরিণটানা এলাকায় আজমল (২২) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের হলরোড এলাকার মসজিদ গলি নামক স্থানে একটি আবাসিক ভবনে ওই যুবককে পেটানোর ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, নিহত আজমল নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ছাত্র। তিনি হরিণটানা এলাকায় একটি মেসে থাকতেন। বাড়ি চুয়াডাঙ্গার দর্শনায়। তবে কারা, কী কারণে তাকে হত্যা করেছে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে একটি ভবনের চতুর্থ তলার ছাদে আজমলকে কয়েকজন মারধর করেন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় নিচে পড়ে থাকতে দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে কী কারণে তাকে মারধর করা হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
হাসপাতাল সূত্র জানায়, রাত আনুমানিক দেড়টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দেয়া কয়েকজন যুবক গুরুতর আহত অবস্থায় আজমলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে নেয়ার ১০-১৫ মিনিট পর তার মৃত্যু হয়। এ সময় সঙ্গে থাকা যুবকেরা হাসপাতাল কর্তৃপক্ষকে জানান, বিশ্ববিদ্যালয় এলাকার একটি ভবনের চতুর্থ তলা থেকে চুরি করে পালানোর সময় লাফিয়ে পড়ে আজমল আহত হয়েছেন।
তবে হাসপাতাল সূত্রের ভাষ্য, আজমলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। তার মাথার চুলও এক পাশ দিয়ে কাটা ছিল। মৃত্যুর পর তাকে হাসপাতালে নিয়ে আসা যুবকেরা দ্রুত সেখান সরে পড়েন।
স্থানীয় কয়েকজন বাড়ির মালিক জানান, রাত সাড়ে ১২টা থেকে ১টার দিকে পাশের একটি ভবন থেকে চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে তারা বাইরে আসেন। এ সময় ভবনের চতুর্থ তলায় একজনকে কয়েকজন মিলে মারধর করতে দেখা যায়। পরে ওই ব্যক্তিকে নিচে পড়ে থাকতে দেখা যায়। তখন তিনি পানি চাইলে স্থানীয়রা তাকে পানি দেন।
পরে বিশ্ববিদ্যালয়ের একটি অ্যাম্বুলেন্সে করে কয়েকজন আজমলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
এ বিশ্ববিদ্যালয়ে খুলনা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কারো বক্তব্য এখনো নেয়া সম্ভব হয়নি।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, ঘটনাটি তারা জানতে পেরেছেন। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। তার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেয়া হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ট্যাগস :



















