নিষেধাজ্ঞা অমান্য করে হল কমনরুমে ছাত্রদলের লোগো স্থাপন, হাবিপ্রবিতে ফের রাজনৈতিক বিতর্ক
- আপডেট সময় ০৮:৪১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / ২০ বার পড়া হয়েছে
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) প্রাতিষ্ঠানিকভাবে দলীয় রাজনীতির বিষয়ে নিষেধাজ্ঞা থাকলেও শহীদ নূর হোসেন হলের কমনরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) দলীয় লোগো স্থাপনকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, শহীদ নূর হোসেন হলের কমনরুমের দেয়ালের একটি অংশে ছাত্রদলের দলীয় লোগো স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, এর আগে একই স্থানে আওয়ামী লীগ সরকারের আমলে ‘শেখ রাসেল কর্ণার’ স্থাপন করা হয়েছিল। তৎকালীন ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্যোগে স্থাপন করা ওই কর্ণার ৫ আগস্টের পর সরিয়ে ফেলা হয়।
এরপর একই স্থানে ছাত্রদলের দলীয় লোগো স্থাপন করায় হলের কমন স্পেসে রাজনৈতিক সংগঠনের প্রতীক ব্যবহারের বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শিক্ষার্থীদের একাংশের প্রশ্ন, কমন স্পেসে কোনো রাজনৈতিক সংগঠনের প্রতীক স্থাপনের মাধ্যমে সেখানে দলীয় প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হচ্ছে কি না।
বিষয়টি নিয়ে হলের কয়েকজন আবাসিক শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা মন্তব্য করতে রাজি হননি। তবে লোগো স্থাপনের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
এ বিষয়ে হাবিপ্রবি ছাত্রদলের সভাপতি এহসানুল কবির অর্ণব বলেন, “দলীয় লোগোটি ছোট ভাইয়েরা লাগিয়েছে, যারা দলকে ভালোবাসে ও নিজেদের সংগঠনকে ধারণ করে। আমরা সেখানে ছবি তুলি। শিবিরও চাইলে লাগাতে পারে। ক্যাম্পাস ওপেন রাজনীতি চর্চার জায়গা। এখানে অন্য কোনো উদ্দেশ্য নেই।”
অন্যদিকে, লোগো স্থাপনের বিরোধিতা করেছেন হাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি রেজওয়ানুল হক। তিনি বলেন, “হলের টিভি রুমে হাবিপ্রবি ছাত্রদলের দলীয় লোগো লাগানোর বিষয়টি অত্যন্ত নিন্দনীয়। হলের টিভি রুম সাধারণ শিক্ষার্থীদের জন্য একটি কমন স্পেস, কোনো রাজনৈতিক দলের কার্যালয় নয়।”
তিনি আরও বলেন, “অতীতে বিভিন্ন সময়ে আবাসিক হল ও কমন স্পেসকে দলীয় প্রভাব ও রাজনৈতিক নিয়ন্ত্রণের আওতায় নেওয়ার যে সংস্কৃতি আমরা দেখেছি, শিক্ষার্থীরা সেই সংস্কৃতির পুনরাবৃত্তি দেখতে চায় না। কোনো নির্দিষ্ট রাজনৈতিক সংগঠনের দলীয় প্রতীক স্থাপন করে হলের কমন স্পেসের নিরপেক্ষ পরিবেশকে প্রশ্নবিদ্ধ করা সমীচীন নয়।”
প্রশাসনের কাছে লোগোটি সরিয়ে কমন স্পেসের নিরপেক্ষতা বজায় রাখার দাবি জানিয়ে রেজওয়ানুল হক বলেন, “দ্রুত টিভি রুম থেকে ছাত্রদলের লোগো সরিয়ে নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার প্রত্যাশা করছি।”
এ বিষয়ে শহীদ নূর হোসেন হলের সুপার অধ্যাপক ড. হাফিজুর রহমান হাফিজ বলেন, “লোগো লাগানোর বিষয়ে আমি এখনো জানি না এবং কেউ আমাকে অবগত করেনি। যেহেতু ক্যাম্পাসে রাজনৈতিক ছাত্রসংগঠনগুলোর মধ্যে সহাবস্থান রয়েছে, সেক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টির কোনো সুযোগ নেই।”






















