সিএনজি-টমটম স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ২৫
- আপডেট সময় ১০:৪২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / ১৭ বার পড়া হয়েছে
বাহুবল বাজারে সিএনজি ও টমটম স্ট্যান্ডের নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষে সিএনজি পক্ষের হয়ে বিএনপি নেতা আব্দুর রকিব নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
গত রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বাহুবল বাজারের বকুলতলা ও পুরাতন হাসপাতাল সড়ক এলাকায় এ সংঘর্ষ হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্র জানায়, বাহুবল বাজারের বকুলতলা এলাকায় সিএনজি ও টমটম স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় রবিবার দুপুরে স্ট্যান্ডের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের চালক ও সমর্থকদের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা হয়।
স্থানীয়দের অভিযোগ, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুর রকিব সিএনজি পক্ষের হয়ে নেতৃত্ব দিয়ে স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে অপর পক্ষের সঙ্গে উত্তেজনা তৈরি হলে একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের সময় দেশীয় অস্ত্র প্রদর্শনের পাশাপাশি দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে অন্তত ২৫ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।
খবর পেয়ে বাহুবল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষের পর স্ট্যান্ডের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। যেকোনো সময় আবারও সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে জানান তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।



















