আশুলিয়ায় ১১ কারখানায় ছুটি ঘোষণা
- আপডেট সময় ০৫:০৬:২২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / ৭ বার পড়া হয়েছে
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ ও ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে ঢাকার আশুলিয়ায় তৈরি পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতিতে উত্তপ্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল। শ্রমিক অসন্তোষের জেরে কাঠগড়া ও আশপাশের এলাকার অন্তত ১১টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ সময় বিক্ষোভকারীদের ছোড়া ইটপাটকেলে শিল্প পুলিশের এক সদস্য আহত হয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকে আশুলিয়ার বিভিন্ন কারখানায় কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। একপর্যায়ে কয়েকটি কারখানার সামনে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অবস্থান নেয় শিল্প পুলিশ।
আশুলিয়া শিল্প পুলিশ-১’র পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বেলা ১১টার দিকে অন্তত ১১টি কারখানায় ছুটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিক্ষোভকারীদের ছোড়া ইটপাটকেলে পুলিশের এক সদস্য মাথায় আঘাত পেয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কাঠগড়া এলাকার নাঈম নীটওয়্যার কারখানার শ্রমিকেরা প্রথমে কর্মবিরতি শুরু করেন। পরে তারা কারখানা থেকে বেরিয়ে বিক্ষোভ করেন। এ সময় আশপাশের কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এগিয়ে গেলে শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশের ওই সদস্য আহত হন।
শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ায় কাঠগড়া ও আশপাশের এলাকার নাঈম নীটওয়্যারসহ অন্তত ১১টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। তবে কয়েকটি কারখানায় উৎপাদন চালু রাখার চেষ্টা করেন কর্তৃপক্ষ।
এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় আশুলিয়ার নরসিংহপুর এলাকায় বেতন-মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ থেকে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই দিন অনন্ত গার্মেন্টস লিমিটেডের সামনে বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরে শিল্প পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার সকালে নিশ্চিতপুর এলাকার নিউজ গার্মেন্টসের শ্রমিকেরা কর্মবিরতি শুরু করেন। পরে নিট এশিয়া ও নিউ এজ গার্মেন্টসের শ্রমিকেরাও একই দাবিতে কর্মবিরতি পালন করেন। কারখানায় ছুটির পর কয়েকটি কারখানার শ্রমিকেরা দলবদ্ধ হয়ে অনন্ত গার্মেন্টসের সামনে গিয়ে বিক্ষোভে যোগ দেন।
কাঠগড়া আমতলা এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক একটি পোশাক কারখানার কর্মকর্তা জানান, তাদের কারখানাসহ আশপাশের দুই-তিনটি কারখানা ছাড়া অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।



















