পরীমনির পাশে অভিনেত্রী প্রভা, বললেন- “সাংবাদিক না হলে স্যান্ডেল দিয়ে পেটাতাম”
- আপডেট সময় ১০:১৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
- / ২৭ বার পড়া হয়েছে
অভিনেত্রী পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে হেনস্তার অভিযোগ নিয়ে যখন সামাজিক মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা, তখন এ ঘটনায় পরীমনির পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। একই সঙ্গে নিজের জীবনে ঘটে যাওয়া অপ্রীতিকর এক অভিজ্ঞতার কথাও প্রকাশ করেছেন তিনি।
বৃহস্পতিবার রাতে সামাজিক মাধ্যমে প্রকাশ করা এক ভিডিও বার্তায় প্রভা জানান, পরীমনির ঘটনাটি নিয়ে তিনি চুপ থাকতে পারছেন না। তার মতে, কিছু বিষয়ে প্রতিবাদ না করলে নিজের বিবেকের কাছে অপরাধী মনে হয়। এ সময় সংশ্লিষ্ট সাংবাদিককে সমর্থন না করার আহ্বানও জানান তিনি।
ভিডিওতে নিজের অভিজ্ঞতা তুলে ধরে প্রভা বলেন, একটি প্রসাধনীর মেলা অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে কয়েকজন সাংবাদিকের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানে এক সাংবাদিক একাধিক মাইক্রোফোন নিয়ে তার খুব কাছাকাছি চলে আসছিলেন। তিনি বারবার সরে যাওয়ার চেষ্টা করলেও ওই ব্যক্তির হাত ক্রমেই তার শরীরের কাছাকাছি চলে আসছিল বলে অভিযোগ করেন অভিনেত্রী।
প্রভার ভাষ্য, ওই সময় পরিস্থিতি আরও খারাপ হতে পারত। তিনি জানান, সাংবাদিক না হলে নিজের স্যান্ডেল দিয়েই ওই ব্যক্তিকে মারতেন। এমনকি হাসিমুখে তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে তার আচরণে তিনি অস্বস্তি বোধ করছেন।
পরীমনির ঘটনাকে কেন্দ্র করে নিজের অভিজ্ঞতা তুলে ধরে প্রভা সংশ্লিষ্ট অভিযোগের তদন্ত দাবি করেছেন। তবে তার ভিডিও প্রকাশের পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত হতে পারেননি। কেউ কেউ ভিডিওটির মন্তব্যঘরে তার দাবির সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন।


















