মাহফিলে জামায়াত এমপির সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা, ইমাম-খতিবদের দুঃখপ্রকাশ
- আপডেট সময় ০৫:০২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / ২৪ বার পড়া হয়েছে
ওয়াজ মাহফিলে ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলনের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন তেজগাঁও ইমাম-খতিব উলামা পরিষদ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় সাইফুল আলম খান মিলনের কার্যালয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎকালে তারা এই দুঃখপ্রকাশ করেন।
তেজগাঁও ইমাম-খতিব উলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মাহমুদুল হাসান মোমতাজীর নেতৃত্বে ও স্থানীয় ইমাম আলেম-উলামাদের উপস্থিতিতে সাক্ষাতটি অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, পরিষদের সহ-সভাপতি মাওলানা হাফিজুর রহমান ও মাওলানা লিয়াকত আলী, জামায়াতের শিল্পাঞ্চল থানা আমির কলিম উল্লাহ, ২৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ উল্লাহ ভুইয়া হারুন।
এ ছাড়াও পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা সাইফুল ইসলাম ফারুকী, মাওলানা রুকনুদ্দীন, মাওলানা আবুল খায়ের ফোরকানী, মাওলানা আব্দুল মতিন, মাওলানা ইব্রাহীম, মাওলানা মুহাম্মাদ মুরশিদ আলম, মাওলানা ফজলুর রহমান, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মাসউদুর রহমানসহ স্থানীয় অন্যান্য আলেম-উলামা ও নেতৃবৃন্দ।
সৌহার্দ্যপূর্ণ এ মতবিনিময় সভায় নেতৃবৃন্দ গত ১৭ অক্টোবর শিল্পাঞ্চলে একটি মাহফিলে সংসদ সদস্যের সাথে অনাকাঙ্ক্ষিত আচরণ, দেশের ধর্মীয় ও সামাজিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে মহান সংসদে খতমে নবুওয়াতের সুরক্ষায় বিল উত্থাপন, ইসলামের মৌলিক আকিদা-বিশ্বাস ও ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণসহ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি ও প্রস্তাব সংসদ সদস্যের কাছে পেশ করেন।
এ সময় নেতৃবৃন্দ ১৭ অক্টোবর মাহফিলে সংঘটিত ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন এবং তাদের উত্থাপিত দাবিগুলো যথাযথ গুরুত্বের সাথে বিবেচনা করে জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখার জন্য সংসদ সদস্যের প্রতি আহ্বান জানান। সাইফুল আলম খান মিলন জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা অনুযায়ী সংসদে ভূমিকা রাখার নিজের প্রত্যয়ের কথা জানান।
সাক্ষাৎটি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়।



















