পাবনার ঈশ্বরদীতে শিবিরের মিছিলে ছাত্রদলের হামলা ও গুলিবর্ষণ
- আপডেট সময় ০৩:০০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- / ১১১ বার পড়া হয়েছে
ট্টগ্রামে সশস্ত্র ছাত্রদল কর্তৃক ছাত্রশিবির নেতার পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করার প্রতিবাদে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্র শিবিরের পূর্বনির্ধারিত কর্মসূচিতে গুলিবর্ষণ, অতর্কিত হামলা এবং ককটেল বিস্ফোরণ করার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল, ২০২৬) পুলিশের উপস্থিতিতেই এই হামলার ঘটনা ঘটে। এতে শিবিরের কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে জানা যায়।
স্থানীয় সূত্র জানান, ঈশ্বরদী সরকারি কলেজ শাখা ছাত্র শিবির আজ ক্যাম্পাসে একটি মিছিলের কর্মসূচি ঘোষণা করেছিল। বিষয়টি নিয়ে স্থানীয় পুলিশ প্রশাসন আগে থেকেই অবগত ছিল। অন্যদিকে, ছাত্রদলের পক্ষ থেকে ‘ক্যাম্পাসে অপশক্তির প্রবেশ রোধ’ ও ‘নিরাপত্তার’ অজুহাতে পাল্টা অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয় যা ছাত্রদল নেতা খালিদ বিন পার্থিবের সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট থেকে নিশ্চিত হওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় এক লোক জানান, সকালে শিবির তাদের নির্ধারিত মিছিল শুরু করতে চাইলে পুলিশ উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দেয় এবং শিবিরকে মিছিল করার অনুমতি দেয়। ছাত্রশিবিরের নেতাকর্মীরা শান্তিপূর্ণ একটি মিছিল নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছিল। হঠাৎ মিছিলে বিনা উস্কানিতে পুলিশের উপস্থিতিতেই ঈশ্বরদী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি খালিদ হাসান পার্থিব মিছিলে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এরই একপর্যায়ে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফাঁকা গুলিবর্ষণ করেন।

ইসলামী ছাত্রশিবিরের পাবনা জেলার সভাপতি রাকিবুল হাসান জানান, আজকে ঈশ্বরদী সরকারি কলেজে শিবিরের পূর্ব নির্ধারিত কর্মসূচিতে ছাত্রদলের সভাপতি খালিদ হাসান পার্থিক অতর্কিত ইট ছুড়ে এবং সাংগঠনিক সম্পাদক গুলি করে। এতে আমাদের কিছু ভাই আহত হন।
এর আগে ছাত্রদল সভাপতি খালিদ বিন পার্থিব এক ফেসবুক পোস্টে ‘জরুরি প্রতিবাদ ও অবস্থান কর্মসূচির’ ডাক দিয়েছিলেন। সেখানে তিনি সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ‘অপশক্তির প্রবেশ রোধ’ করার অঙ্গীকার ব্যক্ত করেছিলেন। তবে আজকের সংঘর্ষ ও গুলিবর্ষণের বিষয়ে ছাত্রদলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


















