হাবিপ্রবিতে বন্ধুসভার উদ্যোগে তিনদিনব্যাপী বইমেলা শুরু
- আপডেট সময় ০৩:৩৯:৩১ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / ১৮ বার পড়া হয়েছে
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শহীদ মিনার প্রাঙ্গণ এখন বইয়ের ঘ্রাণে মুখরিত। শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর ব্যস্ততার মাঝে বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনতে হাবিপ্রবি বন্ধুসভা আয়োজন করেছে তিনদিনব্যাপী “বইমেলা-২০২৬”।
সোমবার (৪ মে) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. এনাম উল্যা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, কোষাধ্যক্ষ প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান।
মেলায় মোট ১৪টি স্টল অংশ নিয়েছে। বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান ও উদ্যোক্তারা তাদের স্টলে স্থান করে দিয়েছেন গল্প, উপন্যাস, কবিতা, গবেষণা ও জ্ঞানভিত্তিক নানা বই। মেলার শুরু থেকেই শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
স্টল পরিদর্শনের সময় উপাচার্য বর্তমান প্রজন্মের পাঠাভ্যাস নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, “মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারের কারণে বই পড়ার অভ্যাস অনেকটাই কমে গেছে। অথচ বই মানুষকে গভীর জ্ঞান ও মননশীলতার পথে পরিচালিত করে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বইয়ের প্রতি আগ্রহী করে তুলবে।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সৃজনশীল ও জ্ঞানভিত্তিক কার্যক্রমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আয়োজকরা জানান, পাঠাভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের মধ্যে বইয়ের প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এই বইমেলার আয়োজন করা হয়েছে। মেলাটি আগামী ৬ মে পর্যন্ত চলবে।






















