রাগ করলা? ভাইরাল সেই দৃশ্য ছিলো কবিরাজের অভিনয়
- আপডেট সময় ০৩:৩০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / ৫ বার পড়া হয়েছে
ইচ্ছে ছিল অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাবেন দেশব্যাপী। সেজন্য ফেসবুকে চলছিল দীর্ঘদিনের সাধনা।
নানান কন্টেন্টের পসরা নিয়ে চেষ্টা করছিলেন মানুষের কাছে পৌঁছাতে। অবশেষে স্বপ্ন হলো সত্যি। ‘রাগ করলা’ সংলাপে মুহূর্তেই ভাইরাল ঈমান আলী।
পুরো সংলাপটি হলো- ‘রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক?’ বর্তমানে ফেসবুক, টিকটক কিংবা ইউটিউব সব খানেই সংলাপটি শোনা যাচ্ছে।
যার মুখ থেকে সংলাপটি এসেছে তার বেশভূষা দেখে তকে কবিরাজ মনে করছেন নেটিজেনদের অনেকে। তবে ঈমান আলী কোনো কবিরাজ নন, তিনি একজন পেশাদার অভিনেতা।
ঈমান আলী ২০-২৫ বছর আগে তিনি সপরিবারে লালমনিরহাট জেলা থেকে পাড়ি জমান গাজীপুরে। সেই থেকে এখানেই বসবাস করছেন তিনি।
জানা গেছে, ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি দুর্বলতা ছিল ঈমান আলীর। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফরমে অভিনয়কেই জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম হিসেবে অভিনয়কেই বেঁছে নিয়েছেন তিনি। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর ও নাট্যদলের সঙ্গে যুক্ত হয়ে সামাজিক সচেতনতামূলক এবং হাস্যরসাত্মক ভিডিওতে নিয়মিত অভিনয় করেন তিনি।
সম্প্রতি একটি ফেসবুক ও ইউটিউব কন্টেন্টের জন্য কবিরাজের চরিত্রে অভিনয় করেন তিনি। সেখানে তার বাচনভঙ্গি, চোখের ইশারা ও বিশেষ ভঙ্গিমায় বলা- ‘রাগ করলা, কথা ঠিক না বেঠিক’, সংলাপটি রাতারাতি নেটিজেনদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করে।
মুহূর্তের মধ্যেই লাখ লাখ ভিউ এবং শেয়ারের মাধ্যমে এটি ভাইরাল কন্টেন্টে পরিণত হয়। সাধারণ মানুষ থেকে শুরু জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও তারকারাও এখন ঈমান আলীর এই ডায়ালগ ব্যবহার করে তৈরি করছেন নানা ভিডিও।
ঈমান আলী বলেন, ‘ইচ্ছে ছিল অভিনয়ের মাধ্যমে সারা দেশের মানুষের কাছে পরিচিত হওয়ার। আমার ইচ্ছে পূরণ হয়েছে। আমি যত দিন বেঁচে থাকবো মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করব।’
তিনি জানান, তিনি পেশাদার কোনো কবিরাজ নন। অভিনয়ের মাধ্যমে তিনি কবিরাজের পেশাটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। অনেকেই হয়ত তাকে প্রকৃতপক্ষে কবিরাজ ভেবে ভুল করছে। ভাইরাল হওয়া ভিডিওটি ছিল মূলত অভিনয়। ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয় বলেও জানান তিনি।





















