সরকারের প্রথম ১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬ অপহরণ— টিআইবির উদ্বেগ
- আপডেট সময় ০৪:২৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / ২১ বার পড়া হয়েছে
বর্তমান সরকারের প্রথম ১০০ দিনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির দাবি, এ সময়ে হত্যা, অপহরণ, ছিনতাই, ডাকাতি এবং নারী-শিশু নির্যাতনের মতো অপরাধের ঘটনা উল্লেখযোগ্য হারে ঘটেছে।
রোববার (৭ জুন) রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সরকারের ১০০ দিন’ শীর্ষক প্রতিবেদনের তথ্য তুলে ধরা হয়।
প্রতিবেদন অনুযায়ী, সরকারের প্রথম ১০০ দিনে দেশে ৬০৫টি হত্যাকাণ্ড এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে। একই সময়ে ২৯৪টি ছিনতাই ও ৯০টি ডাকাতির ঘটনা রেকর্ড করা হয়েছে।
টিআইবির তথ্য বলছে, আলোচিত সময়ে দেশে ২ হাজার ২১৪টি চুরির ঘটনা ঘটেছে। পাশাপাশি পুলিশের ওপর হামলার ঘটনাও ঘটেছে ১২৯টি।
সবচেয়ে উদ্বেগজনক চিত্র দেখা গেছে নারী ও শিশু নির্যাতনের ক্ষেত্রে। প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়ে নারী ও শিশু নির্যাতনের মোট ৩ হাজার ৪৯৬টি ঘটনা ঘটেছে।
সংস্থাটির হিসাব অনুযায়ী, ৭৮ থেকে ১০২ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এছাড়া ৩০ থেকে ৩৬ জন নারী গণধর্ষণের শিকার হয়েছেন। একই সময়ে ৪৯ থেকে ৭১ জন শিশুও ধর্ষণের শিকার হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সরকারের প্রথম ১০০ দিনে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক ছিল না। খুন, ডাকাতি, চুরি, ছিনতাই, ধর্ষণ এবং নারী-শিশু নির্যাতনের মতো অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর অগ্রগতি দেখা যায়নি।
তিনি বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আরও কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ প্রয়োজন।
টিআইবির মতে, অপরাধ দমনে জবাবদিহি বৃদ্ধি, আইন প্রয়োগকারী সংস্থার সক্ষমতা উন্নয়ন এবং বিচার প্রক্রিয়ার কার্যকারিতা নিশ্চিত করা গেলে পরিস্থিতির উন্নতি সম্ভব।



















