সহকারী প্রক্টরের ওপর হামলার বিচার দাবিতে হাবিপ্রবি শিক্ষকদের মৌন মিছিল
- আপডেট সময় ০২:৩৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / ৩১ বার পড়া হয়েছে
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মো. মবিনুল ইসলামের ওপর হামলার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌন মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
মঙ্গলবার ক্যাম্পাসে আয়োজিত এ মৌন মিছিলে শিক্ষকরা মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
বক্তারা বলেন, একজন দায়িত্বশীল শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তার ওপর হামলার ঘটনা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ ধরনের ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে শিক্ষকদের নিরাপত্তা ও স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হবে।
সমাবেশে প্রফেসর ড. মো.হাসানুজ্জামান বলেন, “হাবিপ্রবি ২০০২ সালে প্রতিষ্ঠার পর নানা ঘটনা ঘটেছে। কিছু ঘটনার বিচার হয়েছে, কিছু ঘটনার হয়নি। আজকের এই মৌন মিছিলের মূল উদ্দেশ্য আমার সহকর্মী মো. মবিনুল ইসলামের ওপর হামলার সুষ্ঠু বিচার নিশ্চিত করা। বিচার না হলে আমরা আবারও রাজপথে নামতে বাধ্য হব।”
তিনি আরও বলেন, “একজন শিক্ষকের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের। আমরা আশা করি প্রশাসন দ্রুত এ ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করবে।”
কৃষি অনুষদের অধ্যাপক ড. সাইফুল হুদা বলেন, “অতীতেও শিক্ষকদের ওপর হামলার ঘটনা ঘটেছে এবং তখনও আমরা প্রতিবাদ জানিয়েছিলাম। বর্তমানে গণতান্ত্রিক পরিবেশে থেকেও যদি আমরা ন্যায়বিচার না পাই, তাহলে তা অত্যন্ত হতাশাজনক। প্রশাসনের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছি।”
এ সময় কয়েকজন বক্তা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক বিভিন্ন আলোচিত ঘটনারও সুষ্ঠু ও কঠোর বিচার দাবি করেন।
উল্লেখ্য, সহকারী প্রক্টরের দায়িত্ব পালনকালে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ থামাতে গেলে আবরার ফাহাদ হলের কয়েকজন শিক্ষার্থীর হামলায় আহত হন মো. মবিনুল ইসলাম। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে শিক্ষক সমাজের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।























