বিশ্বকাপে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় ০৪:৪৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / ১০০ বার পড়া হয়েছে
বিশ্বকাপ জ্বরে ভাসছে গোটাবিশ্ব। দেয়ালে দেয়ালে ছেয়ে গেছে পছন্দের দলের পতাকা। আবার কেউ কেউ তার পছন্দের দল ও প্রিয় খেলোয়াড়ের জার্সি গায়ে জড়িয়ে জানান দিচ্ছেন দেশের নাম। প্রধানমন্ত্রী তারেক রহমান গায়ে জার্সি এবং হাত পতাকা না নিলেও জানিয়েছেন—তিনি কোন দল সমর্থক করেন।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন প্রধানমন্ত্রী। এসময় সিনিয়র সাংবাদিক সুমন মাহমুদ প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, এখন বিশ্বকাপ চলছে। আপনি কোন দলের সমর্থক, আমরা সবাই জানতে চাই।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমি একটা দেশে দীর্ঘদিন ছিলাম। এবার বুঝে নেন কোন দলের সমর্থক।
প্রধানমন্ত্রীর এ মন্তব্যের পর অনেকেই ধরে নিয়েছেন, তিনি ইংল্যান্ডের সমর্থক। কারণ রাজনৈতিক জীবনের একটি দীর্ঘ সময় তিনি যুক্তরাজ্যে অবস্থান করেছেন।
ফুটবলপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই তার এ মন্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে।















