যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধের ঘোষণা
ইলেকট্রনিকভাবে স্মারক সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান
আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় ০৮:৪৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- / ২২ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ইলেকট্রনিকভাবে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন। উভয় পক্ষের দাবি, এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের অবসান ঘটেছে।
আল-জাজিরা সূত্রে এ খবর পাওয়া গেছে।
মার্কিন কর্মকর্তাদের মতে, চুক্তিতে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি বা কেনার পরিকল্পনা থেকে বিরত থাকার অঙ্গীকার রয়েছে। পাশাপাশি সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তবে সমঝোতা কার্যকর হওয়ার পরও লেবাননে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে। যদিও যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকে লেবাননের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানানো হয়েছে।
এদিকে হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম এই চুক্তিকে “বড় বিজয়” হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘লেবানন ও ইসরায়েলের মধ্যে ভবিষ্যৎ যেকোনো আলোচনা কেবল পারস্পরিক নিরাপত্তা ইস্যুতেই সীমাবদ্ধ থাকা উচিত।’
উল্লেখ্য, চুক্তি বাস্তবায়ন ও এর প্রভাব নিয়ে আন্তর্জাতিক মহলে নিবিড় নজর রাখা হচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ট্যাগস :



















