ডিবি হেফাজতে নেওয়ার ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু
- আপডেট সময় ০২:৫০:০৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
- / ২৭ বার পড়া হয়েছে
ফরিদপুরের মধুখালী উপজেলা থেকে আটক হওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মো. ইশতিয়াক আহম্মেদ প্রান্তের মৃত্যু হয়েছে। ডিবি পুলিশের হেফাজতে নেওয়ার প্রায় পাঁচ ঘণ্টা পর সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
নিহত প্রান্ত মধুখালী পৌরসভার গোন্দারদিয়া এলাকার মৃত এস্কেন্দার হায়দারের ছেলে।
প্রান্তের চাচা ও সাবেক কাউন্সিলর মির্জা আবু জাফর জানিয়েছেন, রোববার গভীর রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাদের বাড়ি থেকে প্রান্তকে আটক করে। পরে সকালে তারা জানতে পারেন, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে যান। তিনি অসুস্থ থাকায় বাড়িতেই রয়েছেন বলে উল্লেখ করেন।
এদিকে জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, রাত ২টার দিকে গোন্দারদিয়া এলাকায় প্রান্তের বসতবাড়ির উত্তর পাশে ফাঁকা স্থানে অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ফরিদপুরে এনে আইনগত প্রক্রিয়ার জন্য জেলা গোয়েন্দা শাখার হাজতে রাখা হয়।



















