আওয়ামী লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিলেন নেতাকর্মীরা
- আপডেট সময় ০৪:৪৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- / ২২ বার পড়া হয়েছে
ঝিনাইদহের কালীগঞ্জে জেলা আওয়ামী লীগ নেতা ও পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন দলীয় নেতাকর্মী ও পরিবারের স্বজনরা।
মোস্তাফিজুর রহমান তার বাড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিলে পুলিশ তাকে আটক করতে যায়। এসময় উপস্থিত নেতাকর্মী ও তার স্বজনরা তাকে ছিনিয়ে নেন।
মঙ্গলবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের আড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
তবে মোস্তাফিজুর রহমান বিজুকে ছিনিয়ে নেওয়ার ঘটনা অস্বীকার করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন।
স্থানীয়রা জানান, সকালে শহরের আড়পাড়া এলাকার নিজ বাড়ি নিচতলায় দলীয় অফিসে বসেছিলেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু। এসময় অনেক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন। পরিকল্পনা ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হবে। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে বাধা দেয়। এসময় পুলিশ মোস্তাফিজুর রহমানকে আটক করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন নেতাকর্মী ও স্বজনরা পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, ‘পুলিশের টিম যাওয়ার খবর পেলে মোস্তাফিজুর রহমান পালিয়ে যান। পালিয়ে যাওয়ার সময় তার মোবাইলফোন পড়ে যায়। এটা হেফাজতে আছে। পরিবারের কেউ এলে দিয়ে দেবো।’

















