বিস্ফোরক মামলায় সেলিম প্রধান গ্রেপ্তার
- আপডেট সময় ০৪:৫৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / ১৪ বার পড়া হয়েছে
রাজধানীর গুলশান থানার একটি বিস্ফোরক দ্রব্য ও হত্যাচেষ্টা আইনে করা মামলায় ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধানকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত।
সোমবার (১৩ জুলাই) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত এ আদেশ দেয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার দেখানোর আবেদনে বলা হয়, আসামি সেলিম প্রধান বিগত সরকারের সক্রিয় নেতা ও অর্থের যোগানদাতা। ছাত্র আন্দোলন প্রতিহত করতে গুলশান ও ভাটারা এলাকায় শিক্ষার্থীদের মারধর এবং সুপরিকল্পিতভাবে মামলার বাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় তার সরাসরি উসকানি ও আর্থিক সহায়তার তথ্য পাওয়া গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন।
পরে আদালতে আসামিপক্ষের আইনজীবীরা গ্রেপ্তারের বিরোধিতা করে শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৫ আগস্ট গুলশান থানাধীন নতুন বাজার বাঁশতলা এলাকায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন ভিকটিম তৌহিদ মিয়া। পরে তিনি বাদী হয়ে আদালতে একটি মামলা করেন। মামলায় এজাহারনামীয় ৮৮ জন এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।



















