পারমাণবিক বোমা বানানোর নির্দেশ দিতে পারেন মোজতবা খামেনি
- আপডেট সময় ০৪:১১:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / ২৫ বার পড়া হয়েছে
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির তুলনায় পারমাণবিক অস্ত্র তৈরিতে বেশি আগ্রহী হতে পারেন। দীর্ঘ বিশ্লেষণের পর এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রের একাধিক গোয়েন্দা সংস্থা।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত আলী খামেনি ইরানের পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিলেও পারমাণবিক বোমা তৈরির বিরোধিতা করতেন। তবে মোজতবা খামেনি প্রকাশ্যে কখনও পারমাণবিক অস্ত্রের সমর্থন না দিলেও মার্কিন কর্মকর্তাদের ধারণা, তিনি এবং ইরানের নতুন কট্টরপন্থী নেতৃত্ব ভবিষ্যতে সেই পথে এগোতে পারেন।
মার্কিন কর্মকর্তারা মনে করছেন, যুক্তরাষ্ট্র-ইসরাইলের সামরিক হামলা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের দিকে আরও বেশি উৎসাহিত করে থাকলে, সেটি সংঘাতের একটি বড় কৌশলগত পরিণতি হিসেবে বিবেচিত হবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমানে ইরান হরমুজ প্রণালির ওপর আরও শক্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায়ও কঠোর অবস্থান নিয়েছে।
তবে মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, মোজতবা খামেনির অবস্থান সম্পর্কে অধিকাংশ গোয়েন্দা তথ্য যুদ্ধ শুরুর আগেই সংগ্রহ করা হয়েছিল। সংঘাতের সময় তিনি গুরুতর আহত হন এবং এরপর থেকে জনসমক্ষে তার উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
তাদের ভাষ্য অনুযায়ী, মোজতবা খামেনি এখন ইরানের সর্বোচ্চ নেতা হলেও তিনি এখনও তার বাবার মতো পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেননি। ৩৬ বছর ক্ষমতায় থাকা আলী খামেনির মৃত্যুর পর ইরানের নেতৃত্বের পরিবর্তনের এই সময়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ আরও বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে।
তবে প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এখনও আনুষ্ঠানিকভাবে পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করেনি। যুক্তরাষ্ট্রের হামলার পর দেশটি বিদ্যমান পারমাণবিক অবকাঠামো সুরক্ষিত রাখতে পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে কিছু সেন্ট্রিফিউজ মধ্য ইরানের অত্যন্ত সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ স্থানান্তরের চেষ্টা রয়েছে বলে মার্কিন কর্মকর্তাদের দাবি।



















