চাঁদাবাজি ও এলাকায় ত্রাস সৃষ্টি মামলায় বিএনপি নেতা গ্রেফতার
- আপডেট সময় ০৮:৪৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / ২৬ বার পড়া হয়েছে
চাঁদা দাবি ও টঙ্গীর বিসিক শিল্প এলাকায় ত্রাস সৃষ্টির মামলায় টঙ্গী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন সানিকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজে তাকে শনাক্ত করার পর মঙ্গলবার (২৮ জুলাই) মধ্যরাতে টঙ্গীর মিরাশপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার বিল্লাল হোসেন সানি টঙ্গীর মিরাশপাড়া এলাকার মো: ওমর আলীর ছেলে।
পুলিশ জানায়, গত ২৮ জুন টঙ্গী শিল্পাঞ্চলের পাগার এলাকায় দেশীয় অস্ত্রসহ শতাধিক মোটরসাইকেলের মহড়া, চাঁদাবাজি ও ত্রাস সৃষ্টির ঘটনায় দায়ের করা মামলার সিসিটিভি ফুটেজে বিল্লাল হোসেন সানিকে শনাক্ত করা হয়। ওই মামলায় এ পর্যন্ত মোট ১৯ আসামিকে আইনের আওতায় আনা হয়েছে।
এদিকে মঙ্গলবার দুপুর ১টার দিকে গ্রেফতার বিএনপি নেতা বিল্লাল হোসেন সানিকে থানা থেকে আদালতে পাঠানোর সময় ভিডিও ধারণ করতে গেলে পুলিশের উপস্থিতিতেই সাংবাদিকদের ওপর হামলা চালায় তার অনুসারীরা। এ ঘটনায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়।
পরে অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘গ্রেফতার বিএনপি নেতাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আসামির ছবি তোলাকে কেন্দ্র করে সাংবাদিকদের সাথে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। পরে উপস্থিত বিএনপি নেতারা সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।’




















