তেহরানে যাচ্ছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় ১২:২৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / ১৫ বার পড়া হয়েছে
হরমুজ প্রণালি নিয়ে আলোচনার পাশাপাশি দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে মঙ্গলবার তেহরান সফরে যাচ্ছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ বদর আল-বুসাইদি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করবেন আল-বুসাইদি। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
বাঘাই বলেন, দুই দেশের চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবেই ওমানের পররাষ্ট্রমন্ত্রীর এই সফর।
হরমুজ প্রণালির তীরবর্তী দেশ ইরান ও ওমান। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়েও দুই দেশের দায়িত্ব রয়েছে।
বাঘাই বলেন, ‘এই সফর ইরান ও ওমানের দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং দুই দেশের মধ্যে নিয়মিত রাজনৈতিক পরামর্শ অব্যাহত রাখার অংশ। হরমুজ প্রণালির তীরবর্তী দেশ হিসেবে এই উদ্যোগের লক্ষ্য হলো অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা জোরদারে সহায়তা করা।’
বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি নিয়ে সাম্প্রতিক সময়ে উত্তেজনা বেড়েছে। এমন পরিস্থিতিতে প্রণালির তীরবর্তী দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।




















