সংসদে জনগণের কষ্টের কথা বলতে দিচ্ছে না সরকার: বিরোধীদলীয় নেতা
- আপডেট সময় ০১:৩৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / ২২ বার পড়া হয়েছে
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই। বিদ্যুৎ ও সারের সংকট চরমে। মানুষ কষ্ট পাচ্ছে।
আজ শনিবার সকালে বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল স্থানীয় মাদ্রাসা মাঠে উপস্থিত লোকজনের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে শফিকুর রহমান এসব কথা বলেন।
বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, জনগণের কষ্টের কথা জাতীয় সংসদে বলার চেষ্টা করলেও সরকার তাঁদের কথা বলতে দিচ্ছে না। এ কারণে জনগণের অধিকার আদায়ে তাঁরা রাজপথে নেমেছেন।
এর আগে সকালে শহীদ আবদুল মালেকের কবর জিয়ারত করেন শফিকুর রহমান। তিনি ওই পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ধুনট উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
শফিকুর রহমান গতকাল শুক্রবার রাতে বগুড়ায় এসে সার্কিট হাউসে ছিলেন। আজ ভোর সোয়া পাঁচটার দিকে তিনি সার্কিট হাউস থেকে ধুনটের উদ্দেশে রওনা হন। বেলা ১১টার দিকে বগুড়া সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর আমিরের মতবিনিময়ের কথা আছে। দুপুর ১২টায় বগুড়া জেলা ও মহানগর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।



















