নিউগিনি প্রোপার্টিজে হামলা
আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়িয়ে হেয় করা হচ্ছে
- আপডেট সময় ০৫:৩৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / ২৪ বার পড়া হয়েছে
রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রোপার্টিজে হামলা, ভাঙচুর, লুটপাট ও গোলাগুলির ঘটনায় জামায়াতের সংসদ সদস্যের জামাতা মিজানুর রহমান গ্রেপ্তারের পর বিবৃতি দিয়েছেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল গফুর। তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়িয়ে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন এমপি। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জামায়াত এমপি মো. আব্দুল গফুর স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়।
বিবৃতিতে গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে বিভ্রান্তিকর ও মনগড়া দাবি করে প্রতিবাদ জানিয়ে আব্দুল গফুর বলেন, সম্প্রতি ঢাকার মাটিকাটা এলাকা থেকে মিজানুর রহমানের গ্রেপ্তার এবং তাকে কেন্দ্র করে ‘আমার দেশ’সহ কয়েকটি দৈনিক পত্রিকা ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতি আমার দৃষ্টি আকর্ষিত হয়েছে। প্রকাশিত এসব প্রতিবেদনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাম জড়িয়ে এবং আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্পৃক্ত করে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার যে অপচেষ্টা চালানো হয়েছে, আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি বলেন, প্রকাশিত সংবাদে দাবি করা হয়েছে, মিজানুর রহমানকে আমার নিজস্ব বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক। প্রকৃত সত্য হলো, ঢাকায় মাটিকাটায় আমার নিজস্ব কোনো ব্যক্তিগত বাসা নেই। আমি সরকারিভাবে বরাদ্দকৃত ‘ন্যাম ভবন’-এ অবস্থান করি। অথচ প্রকৃত তথ্য যাচাই না করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ প্রকাশের মাধ্যমে আমাকে বিতর্কিত ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে।
জামায়াত এমপি বলেন, আমি স্পষ্টভাবে বলতে চাই, মিজানুর রহমানের সঙ্গে সংঘটিত বিষয়টি তার সম্পূর্ণ ব্যক্তিগত ও ব্যবসায়িক বিষয়। এই ঘটনার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। একইভাবে, মিজানুর রহমানের এই ব্যক্তিগত ও ব্যবসায়িক বিরোধের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই।
তিনি আরও বলেন, আমি মনে করি, একটি ব্যক্তিগত ব্যবসায়িক বিরোধকে রাজনৈতিক রং দিয়ে জামায়াতে ইসলামীর ভাবমর্যাদা ক্ষুন্ন করার চেষ্টা এবং একই সঙ্গে আমাকে এ ঘটনায় জড়িয়ে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ ধরনের অপপ্রচার শুধু বিভ্রান্তিই সৃষ্টি করে না, বরং জনগণের কাছে প্রকৃত ঘটনাকে আড়াল করারও সুযোগ তৈরি করে।
বিবৃতিতে বলা হয়, আমি সংশ্লিষ্ট সকল গণমাধ্যমের প্রতি আহ্বান জানাচ্ছি-কোনো পক্ষের দেওয়া একতরফা, অসম্পূর্ণ বা যাচাই-বাছাইহীন তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ না করে ঘটনার প্রকৃত সত্য অনুসন্ধান করুন এবং সংশ্লিষ্ট সকল পক্ষের বক্তব্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন। একই সঙ্গে ‘আমার দেশ’সহ যেসব গণমাধ্যমে এ বিষয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রকাশিত হয়েছে, সে সব সংবাদ দ্রুত সংশোধন করে প্রকৃত তথ্য জনসম্মুখে তুলে ধরার জন্য আমি জোর দাবি জানাচ্ছি।
এর আগে, সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে মিজানুরকে রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর, লুটপাট ও গোলাগুলির ঘটনায় জামায়াত এমপির জামাতা মিজানুর রহমানকে (৫৯) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে তার রাজনৈতিক সম্পৃক্ততা নিশ্চিত করতে পারেনি পুলিশ। এ নিয়ে ওই ঘটনায় ৬ জন গ্রেফতার করা হলো।
এ বিষয়ে ডিবির গুলশান বিভাগের উপ কমিশনার আ ফ ম আনোয়ার হোসেন খান বলেন, গ্রেফতার মিজানুর কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা। মাটিকাটায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতারের সময় সেখানে সংসদ সদস্য আব্দুল গফুরও উপস্থিত ছিলেন। গ্রেফতার মিজানুরের রাজনৈতিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মিজানুর ওই ঘটনার মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আসামি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) মো. আকতার হোসেন বলেন, নিউগিনি প্রপার্টিজ এ হামলার ঘটনায় এ পর্যন্ত ছয় জনকে গ্রেফতার করেছে ডিএমপি।
এর আগে, গত শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রোপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই প্রকল্পে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা চালানো হয়। এ ঘটনায় নিউ গিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১৫০ থেকে ২০০ জনকে।



















