আড়াই মণ গাঁজাসহ গ্রেপ্তার কৃষকদল নেতা
- আপডেট সময় ১২:৩৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / ০ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের সখীপুরে ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার হওয়া বহেড়াতৈল ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক হেলাল সিকদারকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। উপজেলা কৃষক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন ও সদস্যসচিব শাহাদত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘১০০ কেজি গাঁজা নিয়ে ধরা পড়ার বিষয়টি আমাদের নজরে এসেছে। হেলাল সিকদারকে আগেই মৌখিকভাবে বাদ দেওয়া হয়েছিল। কারও ব্যক্তিগত অপরাধের দায়ভার সখীপুর উপজেলা কৃষক দল নেবে না। তাই তার এই অনৈতিক কাজের জন্য কৃষক দল থেকে আজীবন বহিষ্কার করা হলো।’
উল্লেখ্য, শনিবার রাতে সখীপুর থানার বেতুয়া তিন রাস্তার মোড়ে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় একটি কাভার্ডভ্যান ও সেটিকে পাহারা দিয়ে নিয়ে আসা একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তায় লুকিয়ে রাখা ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় হেলাল সিকদারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে একটি কাভার্ডভ্যান, একটি মোটরসাইকেল, নগদ টাকা ও তিনটি মোবাইল জব্দ করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মাদক ও জব্দ করা মালামালসহ সখীপুর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় এসআরবির উপসহকারী পরিচালক রফিকুল ইসলাম বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেছেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

























