মিষ্টির পদত্যাগে শূন্য আসনে বিএনপির ৭০ নেত্রীর দৌড়ঝাঁপ
- আপডেট সময় ১২:৩৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- / ২১ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদে শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৭০ জন নেত্রী।
শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টা থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। উৎসবমুখর পরিবেশে প্রতিটি ৫ হাজার টাকা মূল্যে অন্তত ৭০টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি সহ-দফতর সম্পাদক তারিকুল আলম তেনজিং। তিনি জানান, এতে দলটির আয় হয়েছে ৩ লাখ ৫০ হাজার টাকা।
আগামীকাল শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম পূরণ করে জমা দেওয়া যাবে। মনোনয়নপ্রত্যাশীদের ফরম জমা দেওয়ার সময় ৫০ হাজার টাকা জমা দিতে হবে।
মনোনয়ন ফরম বিতরণকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছিল কর্মচঞ্চল পরিবেশ। কার্যালয়ের সামনের সড়কজুড়ে নেতাকর্মীদের স্লোগান, বিভিন্ন স্থানে ছোট ছোট জটলা। কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করছেন, কেউ আবার নিজের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন। সব মিলিয়ে পুরো এলাকা পরিণত হয় রাজনৈতিক উচ্ছ্বাসের কেন্দ্রে।
শুক্রবার সকালে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় স্বনির্ভরবিষয়ক সহসম্পাদক ও সাবেক ছাত্রদল নেত্রী অ্যাডভোকেট আসমা আজিজ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এছাড়া মহিলা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহিনুর নার্গিস এবং ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সভাপতি রুনা লায়লাসহ আরও অনেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
উল্লেখ, ঢাকার মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় তৎকালীন সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এ ঘটনার পর দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে গত ১ অক্টোবর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন তিনি। এর ফলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। আগামী ১২ নভেম্বর এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।



















