শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে শুভেচ্ছা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় ০১:৩৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / ৩৫ বার পড়া হয়েছে
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব শারদীয় দুর্গাপূজা। শরতের নির্মল আবহে প্রতিবছরের মতো এবারও দেশের সর্বত্র ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদযাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত।
রবিবার (১৮ অক্টোবার) দুর্গাপূজা উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বাণীতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
শুভেচ্ছাবার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে দেশীয় ঐতিহ্য, সংস্কৃতি, শিল্প ও অসাম্প্রদায়িক চেতনা। এই উৎসব মানুষের মধ্যে ভালোবাসা, সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে।
তিনি বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তি, নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সম্মিলিত সহযোগিতা ও দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে আমাদের দীর্ঘদিনের সম্প্রীতির ঐতিহ্য আরও সুদৃঢ় হবে বলে আমি বিশ্বাস করি।
তিনি আরো বলেন, শারদীয় দুর্গোৎসবের চেতনা আমাদের ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণে আরও অনুপ্রাণিত করুক। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা, ঐক্য ও সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় হোক এবং সমাজে শান্তি প্রতিষ্ঠিত হোক—এই কামনা করি।
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সকলের সহযোগিতা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনাবিল আনন্দ, শান্তি ও নিরাপত্তার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হোক-এ প্রত্যাশা করছি।
শারদীয় দুর্গোৎসব সবার জীবনে বয়ে আনুক আনন্দ, শান্তি ও কল্যাণ।























