পয়োনিষ্কাশন ও ড্রেনেজ উন্নয়নকাজে বাধা
চাঁদাবাজির মামলায় আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন গ্রেপ্তার
- আপডেট সময় ০৮:২৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- / ২৮ বার পড়া হয়েছে
চাঁদার দাবিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পয়োনিষ্কাশন ও ড্রেনেজ উন্নয়নকাজে বাধা দেওয়া এবং ভবন মালিকদের হুমকির অভিযোগে রাজধানীর আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২১ অক্টোবর) চাঁদাবাজির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও ডিবি পুলিশের উপ কমিশনার মো. জিয়াউদ্দিন।
পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া অভিযুক্ত ছাত্রদলের ওই নেতার নাম মো. নয়ন হোসেন। তিনি ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের অধীনস্থ আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক।
এ বিষয়ে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান গণমাধ্যমে বলেন, শুনেছি ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তবে এখনো থানায় হস্তান্তর করেনি। কী মামলায় তাকে গ্রেপ্তার করেছে সে বিষয়টিও জানা নেই।
অভিযোগ রয়েছে, আদাবর এলাকায় সিটি করপোরেশনের পয়োনিষ্কাশন ও ড্রেনেজ উন্নয়নকাজে বাধা দেওয়ার পাশাপাশি ভবনমালিকদের কাছে চাঁদা দাবি করা হয়। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ছাত্রদল নেতা নয়ন হোসেনকে গ্রেপ্তার করেছে ডিবি।



















