মাতারবাড়ি বন্দর নিয়ে সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার সুযোগ নেই: জামায়াত আমির
- আপডেট সময় ০২:০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / ৩৪ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে জাপানে অবস্থান করছেন। তার এ সফরের মাঝেই জানা যাচ্ছে, মাতারবাড়ি গভীর বন্দরের সঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের অর্থাৎ সেভেন সিস্টার্সের সংযোগ স্থাপনের পরিকল্পনা করছে জাপান। অন্যদিকে, এ সংযোগ জোরদার করতে জাপানের সঙ্গে চলমান সহযোগিতা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে ভারত।
এমতাবস্থায়, মাতারবাড়ি বন্দরসহ রাষ্ট্রের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেছেন, মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নিয়ে জাতীয় স্বার্থ, নিরাপত্তা ও ভৌগোলিক সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে কোনো উদ্যোগ বা সিদ্ধান্ত মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। জাপান, চীন বা যেকোনো বন্ধুরাষ্ট্রই হোক না কেন, সবার আগে বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্বার্থকে প্রাধান্য দিতে হবে।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লেখেন, “মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নিয়ে জাতীয় স্বার্থ, নিরাপত্তা ও ভৌগোলিক সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে কোনো উদ্যোগ বা সিদ্ধান্ত মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। জনগণ তা মেনে নেবে না। এ বিষয়ে কী হচ্ছে, তা জনগণের সামনে স্পষ্ট করতে হবে।”
তিনি বলেন, “অতীতেও বাংলাদেশের স্বার্থের কথা বলে ট্রানজিট, করিডোর ইত্যাদি বিভিন্ন নামে সুযোগ-সুবিধা দেওয়া হলেও কার্যত বাংলাদেশ তার কোনো সুফলই পায়নি।”
তিনি জাতীয় স্বার্থের কথা উল্লেখ করে বলেন, “জাপান, চীন বা যেকোনো বন্ধুরাষ্ট্রই হোক না কেন, সবার আগে বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্বার্থকে প্রাধান্য দিতে হবে।”
সবশেষে ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশের স্বার্থ ও নিরাপত্তা সুরক্ষার দায়িত্ব বাংলাদেশ সরকারের। এ ক্ষেত্রে সরকারের কোনো ব্যর্থতা কিংবা আপসকামিতা জনগণ একেবারেই দেখতে চায় না।”


















