ময়মনসিংহে মায়ের চোখের সামনে কাভার্ড ভ্যান চাপায় ২ শিশুর মৃত্যু
- আপডেট সময় ০৫:২১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / ৩৪ বার পড়া হয়েছে
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় মায়ের চোখের সামনে কাভার্ডভ্যানচাপায় দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ময়মনসিংহ-ফুলপুর সড়কের পশ্চিম তালদিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই বোন হলো উপজেলার পশ্চিম তালদিঘি গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে আরবিয়া (৮) ও রাবিয়া (৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিশু দুটির মা ফাতেমা আক্তার গৃহকর্মীর কাজের উদ্দেশ্যে দুই মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হন। তারা পশ্চিম তালদিঘি এলাকায় ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের কিনারা দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন দিক থেকে একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে দুই শিশুর করুণ মৃত্যু হয়। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানসহ চালক পালিয়ে যায়।
ইতোমধ্যে এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, মায়ের সঙ্গে দুই শিশু সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিয়ে দ্রুত চলে যায়।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাশিদ জানান, সিসিটিভি ফুটেজ দেখে প্রাথমিক ধারণা করা হচ্ছে—কাভার্ডভ্যান চালানোর সময় চালক ঘুমাচ্ছিলেন। নিহত শিশুদের মরদেহ স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


















