ঢাবি নিয়ে এমপি ফজলুর বক্তব্য বিএনপিও দায় এড়াতে পারে না: ডাকসু ভিপি সাদিক কায়েম
- আপডেট সময় ১২:০২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / ২৮ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমানের দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি ফজলুর রহমানকে বক্তব্য প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থীর কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তাকে সংসদ সদস্য বানানোয় এ মন্তব্যের দায় বিএনপিও এড়াতে পারেনা বলে হুশিয়ারি দিয়েছেন তিনি।
শুক্রবার (৩০ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে সাদিক কায়েম এ আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সাবেক ছাত্রলীগ সভাপতি ও বাকশাল নেতা এবং বর্তমান বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমানের অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
সাদিক কায়েম বলেন, দেশের অন্যতম প্রধান উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘অমানুষদের জায়গা’ হিসেবে আখ্যায়িত করা চরম দায়িত্বজ্ঞানহীন, বিদ্বেষপূর্ণ ও নিন্দনীয়। ফজলুর রহমান বাকশাল ত্যাগ করলেও বাকশালি আদর্শ ও ঘৃণার চর্চা থেকে বের হতে পারেননি।
তিনি আরও বলেন, শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সামগ্রিকভাবে হেয় করা গণতান্ত্রিক মূল্যবোধ ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। এ ধরনের উগ্রবাদী ও জঙ্গিবাদী মানসিকতার দায়ভার তাকে সংসদ সদস্য পদে মনোনয়ন দেওয়া বিএনপিও এড়াতে পারে না।
বিবৃতিতে সাদিক কায়েম বলেন, তাকে অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থীর কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।




















