নওগাঁয় ভাঙারি ব্যবসায়ীর ৯ লাখ টাকা ছিনতাই করলেন কৃষকদল নেতা
- আপডেট সময় ০৬:৪৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / ৩৯ বার পড়া হয়েছে
নওগাঁর মহাদেবপুরে পিকআপ থামিয়ে ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে জানা গেছে, ছিনতাইয়ের পরিকল্পনা করেন পিকআপচালক সোহেল রানা ও মুন্না। আর ছিনতাইয়ের ঘটনায় প্রধান ভূমিকা পালন করেন উপজেলা কৃষক দলের ছাত্রবিষয়ক সম্পাদক আহসান হাবীর রবিন। তারা তিনজনই গত এক সপ্তাহ ধরে এ ঘটনার পরিকল্পনা করছিলেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে নওগাঁর মহাদেবপুর উত্তর গ্রামের চৌদ্দমাইল ব্রিজের পশ্চিম পাশে পিকআপ বিকল হওয়ার পর ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। বগুড়া থেকে ভাঙারি মালামাল বিক্রির টাকা নিয়ে মহাদেবপুরে ফেরার পথে পিকআপটি বিকল হলে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা চালক ও দোকানের ম্যানেজারকে মারধর করে টাকা নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় আটককৃতরা হলেন, পিকআপ ড্রাইভার উপজেলার ডিমজাউন গ্রামের সোহেল রানা, উপজেলার ঈশ্বরলক্ষীপুর গ্রামের ইয়াদ আলীর ছেলে ও কৃষক দলের ছাত্রবিষয়ক সম্পাদক রবিন (২৮) ও উপজেলার রামচরনপুর দক্ষিণ পাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মুন্না রহমান (৩৫)।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্যপ্রযুক্তি, সাক্ষ্য-প্রমাণ ও তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়। প্রথমে মুন্নাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রবিনকে মহাদেবপুরে তার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে দুই আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁ সদর হাসপাতাল থেকে পিকআপচালক সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মুন্নার বাড়ি থেকে ছিনতাই হওয়া ৫ লাখ ১০ হাজার টাকা এবং রবিনের বাড়ি থেকে ৩ লাখ ৯৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ছিনতাইয়ে ব্যবহৃত একটি নিবন্ধনবিহীন মোটরসাইকেলও উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা টাকার পরিমাণ ৯ লাখ ৩ হাজার টাকা।
এদিকে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতারকৃত উপজেলা কৃষক দলের ছাত্রবিষয়ক সম্পাদক আহসান হাবীর রবিনকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) নওগাঁ জেলা কৃষক দলের সদস্যসচিব এ টি এম ফিরোজ দুলুর স্বাক্ষরিত এক বহিষ্কারাদেশে এ তথ্য জানানো হয়।
বহিষ্কারাদেশে বলা হয়, ছিনতাইয়ের মতো আইনবিরোধী ও সমাজবিরোধী অপরাধমূলক কর্মকাণ্ডে রবিনের সরাসরি জড়িত থাকার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হওয়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তার এমন কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলা ও আদর্শের পরিপন্থী হওয়ায় নওগাঁ জেলা কৃষক দলের সিদ্ধান্ত অনুযায়ী তাকে মহাদেবপুর উপজেলা কৃষক দলের ছাত্রবিষয়ক সম্পাদক পদসহ দলের সব পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
একই সঙ্গে মহাদেবপুর উপজেলা কৃষক দলের নেতাকর্মীদের রবিনের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নওগাঁ জেলা কৃষক দলের আহ্বায়ক মমিনুল ইসলাম চঞ্চলের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, ‘সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ বিষয়ে পুলিশ সুপার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানাবেন।’
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘নওগাঁ জেলা পুলিশ সড়কে যেকোনো ধরনের অপরাধ, বিশেষ করে ছিনতাই ও ডাকাতি আইন অনুযায়ী কঠোর হাতে দমন করবে।’


















