আমাকে অভিশংসনের চেষ্টা করলে ডেমোক্রেটিক পার্টিই ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প
- আপডেট সময় ০৪:৪৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / ১৭ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতারা তাকে আবারও অভিশংসনের চেষ্টা করলে তাদের দলই ধ্বংস হয়ে যাবে। গত মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর বুধবার (৪ নভেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলেস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের নির্মাণাধীন বলরুম পরিদর্শনের সময় সাংবাদিকেরা ট্রাম্পকে অভিশংসনের আশঙ্কা নিয়ে প্রশ্ন করেন। জবাবে তিনি বলেন, এ নিয়ে তিনি বিন্দুমাত্র উদ্বিগ্ন নন। কোনো কারণ ছাড়াই ডেমোক্র্যাটরা অভিশংসনের উদ্যোগ নিলে তা তাদের দলকেই ধ্বংস করবে। এরপর সাংবাদিকদের প্রশ্ন থামিয়ে বলরুমের নির্মাণকাজের দিকে তাদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের দায় নিজের ওপর নিতে রাজি নন ট্রাম্প। তার দাবি, তিনি নিজে প্রার্থী হলে জয়ী হতেন। নির্বাচনি প্রচারে সমর্থকদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেলেও সেই সমর্থন রিপাবলিকান প্রার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে পারেননি।
ট্রাম্প পরাজয়ের জন্য দলীয় প্রার্থীদেরও দায়ী করেন। তার মতে, কয়েকজন প্রার্থী ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ বা মাগা সমর্থকদের অনুপ্রাণিত করতে ব্যর্থ হয়েছেন।
তবে ইরান যুদ্ধ যে নির্বাচনে প্রভাব ফেলেছে, তা আংশিকভাবে স্বীকার করেছেন ট্রাম্প। তার ভাষ্য, যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ার মতো স্বল্পমেয়াদি পরিণতি ভোটারদের পছন্দ হয়নি। তবে দীর্ঘমেয়াদে এর সুফল পাওয়া যাবে বলে তিনি মনে করেন।
নতুন কংগ্রেসের সঙ্গে কাজ করার আগ্রহও জানিয়েছেন ট্রাম্প। তবে ডেমোক্র্যাটদের পাঠানো কোনো প্রস্তাব পছন্দ না হলে ভেটো দেয়ার ক্ষমতা প্রয়োগ করবেন বলেও সতর্ক করেছেন তিনি।


















