বিজয়নগরে বিএনপি-যুবদলের দফায় দফায় সংঘর্ষ, আহত ২০
- আপডেট সময় ০১:৫৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / ৩০ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্বশত্রুতার জেরে বিএনপি ও যুবদলের দুই পক্ষের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামে ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ এবং বকুল গ্রুপের আক্তার ও যুবদল নেতা রুবেলের সমর্থক-লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী চলা এই তাণ্ডবে বেশ কয়েকটি বসতবাড়ি ভাঙচুর করা হয়।
পুলিশ ও স্থানীর সূত্রে জানা যায়, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁর সঙ্গে বকুল গ্রুপের বিএনপি কর্মী আক্তার ও যুবদল নেতা রুবেল এর মধ্যে নানা বিষয় নিয়ে পূর্ব বিরোধ চলে আসছে। এর জের ধরে মঙ্গলবার রাতে গ্রামের তুলাতলা এলাকায় এনাম খাঁকে বেধড়ক মারধর করে বকুল গ্রুপের আক্তার, রুবেলসহ তাদের লোকজন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জের ধরে বুধবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। রক্তক্ষয়ী এই সংঘর্ষ চলাকালে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপে পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহসানুল হক জানান, পূর্ব বিরোধের জের ধরে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ ও আক্তার-রুবেলের লোকজন সকাল থেকে সংঘর্ষে জড়িয়ে ছিল। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



















