নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে মধ্যরাতে হাবিপ্রবি ক্যাম্পাসের সামনে ছাত্রদলের অবস্থান
- আপডেট সময় ০২:০০:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / ৩৬ বার পড়া হয়েছে
নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সম্ভাব্য সাংগঠনিক তৎপরতা ও অপতৎপরতা প্রতিহত করার ঘোষণা দিয়ে মধ্যরাতে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (১১ নভেম্বর) গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় নেতাকর্মীদের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্রদলের নেতাকর্মীরা জানান, ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের কোনো ধরনের সাংগঠনিক তৎপরতা, গোপন কার্যক্রম কিংবা অতীতের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি মেনে নেওয়া হবে না। সংগঠনটির যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিহত করতে তারা সজাগ রয়েছেন।
তারা আরও বলেন, ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের পুনরায় সংগঠিত হওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না। এ ধরনের তৎপরতার তথ্য পাওয়া গেলে তা প্রতিহত করতে ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন।
এ সময় নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রমের বিরুদ্ধে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেন ছাত্রদলের নেতাকর্মীরা। একই সঙ্গে ক্যাম্পাসে এ ধরনের তৎপরতা রুখে দেওয়ার ঘোষণা দেন তারা।



















