ঢাবিতে ছাত্রদলের লীগবিরোধী শোডাউনে ছাত্রলীগ নেতা
- আপডেট সময় ০৪:৫১:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / ১৮ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে একটি বাইক শোডাউন হয়েছে। মঙ্গলবার রাতে ২০ থেকে ২৫টি মোটরসাইকেল নিয়ে ক্যাম্পাসে এ শোডাউন দেওয়া হয়। তবে এ কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে ছাত্রলীগের সাবেক এক নেতাকে দেখা গেছে। তার নাম আবিদুর রহমান। তিনি ২০২২ সালে ছাত্রলীগের মুজিব হলের শান্ত-মাহবুব কমিটির এক নম্বর সদস্য ছিলেন।
শোডাউনের পর ছাত্রদল নেতা আবিদুল ইসলাম একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘হাজারো মতপার্থক্যে জুলাইয়ের গণহত্যার বিচারের প্রশ্নে গোটা জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের মাটিতে গণহত্যাকারী নিষিদ্ধ সংগঠনের প্রশ্নে আপস হবে না।’
ওই ভিডিওতে দেখা যায়, আবিদুল ইসলামের ঠিক বাম পাশের আরেকটি মোটরসাইকেলে রয়েছেন আবিদুর রহমান। বিষয়টি মুজিব হল ছাত্রদল ও হল সংসদের একাধিক নেতাও নিশ্চিত করেছেন।
জানতে চাইলে হল সংসদের ভিপি মুসলিমুর রহমান বলেন, ‘এই ছেলে অনেক দিন ধরে বাইক চালায় ছাত্রদলের হয়ে। সভা-সমাবেশেও অংশ নেয়। হয়তো গতকাল চোখে পড়েছে। বাড়ি গোপালগঞ্জ-ফরিদপুরের দিকে।’
অভিযোগ রয়েছে জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ছিল আবিদুর রহমান। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার তথ্য সামনে আসলে শাহবাগে এসে ছবি তুলেন আবিদ। এরপর থেকেই ছাত্রদলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি। এর পরই ছাত্রদল নেতা আবিদুল ইসলামের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে দেখা যায় তাকে। এছাড়াও শিক্ষার্থীরা তাকে হলে তোলার বিপক্ষে ছিল। তিনি শুরু দিকে হলে ছিলেন না।

নাম প্রকাশে অনচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলেন, আবিদুর রহমান ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিল। ৫ আগস্টের আগেও সে শিক্ষার্থীদের ওপর হামলা করেছিল। তবে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে তিনি ছাত্রদলের বিভিন্ন কর্মসূচিতে দেখা যায়। নিজেকে ছাত্রদলের কর্মী পরিচয় দেন আবিদুর রহমান।
এ দিকে আবিদুর রহমানের ফেসবুক আইডিতে ২০২৪ সালের ৫ আগস্টের আগে শিক্ষার্থীদের পক্ষে কোন পোস্ট খোঁজে পাওয়া যায়নি। আইডিতে ৫ আগস্টে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ছবিটি শেয়ার করেন আইডিতে।
এসব বিষয় নিয়ে জানতে চাইলে ঢাবি ছাত্রদল নেতা আবিদুল ইসলাম বলেন, ‘গতকাল আমি কোনো মিছিল করিনি। রাতে দেড়টার দিকে হঠাৎ ক্যাম্পাসে বের হয়েছিলাম। এর আগে এনপিবির একটি অনুষ্ঠানে ছিলাম। অনুষ্ঠান শেষে ক্যাম্পাসে ফেরার পথে জহুরুল হক হলে ককটেল পাওয়ার খবর পাই। তখন শিক্ষার্থীরা সেখানে বিষয়টি দেখছিল। আমিও সেখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করি। পরে ক্যাম্পাসে একটু ঘোরাফেরা করেছি। সেখানে আবিদুর রহমান নামে ছেলেটা ছিল। তিনি বর্তমানে ছাত্রদলের কমিটিতে আছেন কি না, সে বিষয়ে আমি নিশ্চিত নই।’

আবিদুর রহমানের বিষয়ে আরও পর্যবেক্ষণ করছেন জানিয়ে আবিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি এখনো নজরে রাখছি। তাঁকে নিয়ে আরও পর্যবেক্ষণ করতে চাই। একজনের অবস্থান বুঝতে পারলে অন্যদের বিষয়েও ধারণা পাওয়া যাবে। পাঁচ আগস্টের পর যেভাবে বিভিন্নজনকে সাংগঠনিকভাবে পুনর্বাসন করা হয়েছে, তা কোনোভাবেই উচিত হয়নি বলে আমি মনে করি।’
তিনি আরও বলেন, ‘আমাদের এত বছরের আন্দোলন-সংগ্রামের পর কেউ হঠাৎ এসে প্রথম দিনেই কেন্দ্রীয় পর্যায়ের গ্রুপে যুক্ত হয়ে যাবেন, এটা কি আমাদের জন্য নিরাপত্তাঝুঁকি নয়? একটি সংগঠনে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়—এভাবে কয়েকটি স্তর থাকা উচিত ছিল। কিন্তু পাঁচ আগস্টের পর সাংগঠনিকভাবে এ ধরনের যাচাই-বাছাই বা স্তরভিত্তিক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।’
আবিদুল ইসলাম বলেন, ‘আমি বিষয়টি জানি বলেই সচেতন আছি। এ ধরনের লোকজনের মোটরসাইকেলেও আমি উঠি না। তবে এখনই কাউকে নিয়ে চূড়ান্ত মন্তব্য করতে চাই না। আমি বিষয়টি পর্যবেক্ষণ করছি। গতকালও এ বিষয়ে কিছু নির্দেশনা দিয়ে এসেছি। এ ধরনের ঘটনা শুধু একটি গ্রুপে নয়, বিভিন্ন গ্রুপেই থাকতে পারে। আমি বিষয়টি নিয়ে সচেতন আছি এবং পর্যবেক্ষণ করছি।’
এদিকে, এসব অভিযোগের বিষয়ে জানতে আবিদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পরিচয় শুনে ‘ব্যস্ত আছেন’ বলে ফোন কেটে দেন।
বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের সঙ্গে যোগাযোগ করেও ফোনে পাওয়া যায়নি।



















