মধ্যরাতে বিএনপি প্রার্থীর পক্ষে টাকা বিতরণকালে আটক সাত, ছয়জনের কারাদণ্ড
- আপডেট সময় ০২:২৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ৩১ বার পড়া হয়েছে
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপির প্রার্থীর পক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে ছয়জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগাজান এলাকায় তাদের আটক করা হয়।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— আবদুল হামিদ (৭৫), মো. তানভীর (৪২), গোলাম রাব্বী (২৩), মেহেদী হাসান (৪০), মো. শামসুদ্দিন (৭৪) ও গোলাম শহীদ (৫০)। এ সময় তাদের কাছ থেকে ছয়টি মুঠোফোন, ২৫ হাজার টাকা, একটি হিসাবের খাতা এবং একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১২টার দিকে ভালুকার বগাজান এলাকায় ভোটারদের মধ্যে টাকা বিতরণের তথ্য পাওয়া যায়। বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ফখর উদ্দিন আহমেদের পক্ষে এসব টাকা বিতরণ করা হচ্ছিল। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালিয়ে সাতজনকে আটক করে। তখন সেখানে প্রায় ৩০ জনের একটি দল অবস্থান করলেও অন্যরা পালিয়ে যায়।
পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম কাউসার জামান ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পান। আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে ধানের শীষের প্রার্থীর পক্ষে টাকা বিতরণের বিষয়টি স্বীকার করেন। আটক সাতজনের মধ্যে ছয়জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়। অপর একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার মায়ের উপস্থিতিতে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফিরোজ হোসেন জানান, ধানের শীষের প্রার্থীর পক্ষে টাকা বিতরণের সময় আটক ছয়জনকে দণ্ড দেওয়া হয়েছে। জব্দ করা হিসাবের খাতায় কোন মহল্লায় কবে এবং কত টাকা বিতরণ করা হয়েছে বা করা হবে— সেই হিসাবের তথ্য পাওয়া গেছে।


















