জিয়া মেমোরিয়াল অরফানেজ ট্রাস্ট চালুর দাবি জামায়াত এমপির
- আপডেট সময় ০৫:০৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / ২৫ বার পড়া হয়েছে
বাগেরহাটে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় বন্ধ থাকা ‘জিয়া মেমোরিয়াল অরফানেজ ট্রাস্ট’ পুনরায় চালু করার দাবি জানিয়েছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ।
সোমবার বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ৭১ বিধি অনুসারে জাতীয় সংসদে এ-সংক্রান্ত দাবি উত্থাপন করেন তিনি।
সংসদে বক্তব্যকালে সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠিত বাগেরহাটের ‘জিয়া মেমোরিয়াল অরফানেস ট্রাস্ট’ দীর্ঘদিন ধরে পরিত্যক্ত হয়ে আছে। পূর্বে এই প্রতিষ্ঠানে দর্জি বিজ্ঞান, ইলেকট্রিক ও ইলেকট্রনিকস প্রশিক্ষণের মাধ্যমে অঞ্চলের হতদরিদ্র বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা করা হতো। তবে ২০১৯ সাল থেকে প্রতিষ্ঠানটি পুরোপুরি বন্ধ রয়েছে এবং এর ভবনগুলো বর্তমানে ব্যবহারের অনুপযোগী অবস্থায় পড়ে আছে। নতুন করে প্রতিষ্ঠানটি চালু হলে স্থানীয় বেকার যুবকদের জন্য আবারও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে উল্লেখ করেন তিনি।
এদিকে জাতীয় সংসদে জনগুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠান পুনরায় চালুর দাবি তোলায় স্থানীয় সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বাগেরহাটের স্থানীয় বাসিন্দারা।
উল্লেখ্য, ১০ থেকে ১৮ বছর বয়সি এতিম ও দুস্থদের লালন-পালন করে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৪ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এস এম মোস্তাফিজুর রহমান বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ফতেপুর গ্রামে ৩.৯০ একর জমির ওপর ‘জিয়া মেমোরিয়াল অরফানেস ট্রাস্ট’ নির্মাণ করেন।



















