দৌলতদিয়া যৌনপল্লীতে ফের হামলায় যৌনকর্মী নিহত
- আপডেট সময় ০৩:৩১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / ৩৬ বার পড়া হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে হামলায় হাসি নামের এক যৌনকর্মী নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনায় পুরো যৌনপল্লীতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একই যৌনপল্লীতে এক দিনের ব্যবধানে পরপর দুই যৌনকর্মীর প্রাণহানিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম।
তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশের পাশাপাশি ক্রাইমসিন টিম কাজ করছে। কীভাবে ওই যৌনকর্মীর মৃত্যু হয়েছে এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
একই যৌনপল্লীতে মাত্র এক দিনের ব্যবধানে পরপর দুজন যৌনকর্মীর প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এর আগে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত সোনিয়া আক্তার (৩০) নামের অপর এক যৌনকর্মী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত সোনিয়া ওই এলাকার বাড়িওয়ালা তোফাজ্জল হোসেন তপুর বাড়ির ভাড়াটিয়া ছিলেন।
এ হামলায় জড়িত অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে গত ৬ সেপ্টেম্বর গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা করেছিলেন তোফাজ্জল হোসেন তপু।
পরপর দুটি নৃশংস ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।



















