চোরাই গরু বিক্রির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার, গরু উদ্ধার
- আপডেট সময় ০৭:৩৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১৭ বার পড়া হয়েছে
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৮ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নে চোরাই গরু বিক্রির অভিযোগ উঠেছে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ফারুক হোসেনের বিরুদ্ধে। অভিযোগের পর গরুটি উদ্ধার করে ইউনিয়ন পরিষদের হেফাজতে রাখা হয়েছে। একই ঘটনায় ফারুক হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা যুবদলের নেতারা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গ্রাম পুলিশ ও দফাদার এনাম হোসেনের বাড়িতে গিয়ে গরুটি উদ্ধার করেন। পরে গরুটি ইউনিয়ন পরিষদের হেফাজতে নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর রাতে সুবর্ণচর উপজেলার ৮ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর আকরাম উদ্দিন গ্রাম থেকে একটি গরু চুরি হয়। পরে ওই গরুটি ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এনাম হোসেনের কাছে ৬০ হাজার টাকায় বিক্রি করেন যুবদল নেতা ফারুক হোসেন।
অভিযুক্ত ফারুক হোসেন ৮ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। তিনি চর আকরাম উদ্দিন গ্রামের নুর হোসেনের ছেলে। স্থানীয়ভাবে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে জানা যায়।
গ্রাম পুলিশ ও দফাদার হুদু বলেন, “বিষয়টি জানার পর তারা এনাম হোসেনের বাড়িতে গিয়ে গরুটি উদ্ধার করেন। এ সময় এনাম হোসেন তাদের জানান, তিনি ফারুক হোসেনের কাছ থেকে ৬০ হাজার টাকায় গরুটি কিনেছেন।”
এনাম হোসেন মোহাম্মদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি চর আকরাম উদ্দিন গ্রামের আব্দুস সোবহানের ছেলে।
গরুটি উদ্ধারের পর এনাম হোসেন অভিযুক্ত ফারুক হোসেনকে ধরিয়ে দিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। ওই পোস্টে ফারুকের ছবি প্রকাশ করে তাকে ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন তিনি।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভুক্তভোগী হোসনেয়ারা (হরানির মা) অত্যন্ত দরিদ্র। দিন এনে দিন খেয়ে তার পরিবার জীবিকা নির্বাহ করে। গরুটি চুরি হওয়ার পর পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে।
মোহাম্মদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি জাফর উল্যাহ বলেন, “ফেসবুকে বিষয়টি জানার পর আমরা প্রমাণাদি সংগ্রহ করেছি। অভিযোগের সত্যতা যাচাই করে তা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দকে জানানো হয়েছে।”
সুবর্ণচর উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা বলেন, “সামাজিক বিশৃঙ্খলা তৈরি ও দলীয় নিয়ম-শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডে যুক্ত থাকায় অভিযুক্ত ফারুক হোসেনের দলের প্রাথমিক সদস্য পদ বাতিল করা হয়েছে এবং তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।”
চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হাসান বলেন, “বিষয়টি নিয়ে এখনো থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”



















