পটুয়াখালীতে এক রাতেই আ.লীগের ৮ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ
- আপডেট সময় ০৫:৩৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / ২০ বার পড়া হয়েছে
পটুয়াখালীতে এক রাতের ব্যবধানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আট নেতার বসতবাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
গতকাল বুধবার (১৮ নভেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর পর্যন্ত পৌর শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। কয়েকটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ায় আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। আতঙ্কে কয়েকটি পরিবারের সদস্য বাড়ি ছেড়ে প্রতিবেশীর বাসায় আশ্রয় নিয়েছেন। তবে ধারাবাহিক এসব হামলার সঙ্গে কারা জড়িত, তা এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
ঘটনার প্রথমটি ঘটে বুধবার রাত ১০টার দিকে পটুয়াখালী পৌর শহরের দক্ষিণ সবুজবাগ এলাকায় জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের বাসভবনে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে বাড়িটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও বাড়িটিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল। সর্বশেষ অগ্নিসংযোগের মধ্য দিয়ে বাড়িটিতে দ্বিতীয়বারের মতো হামলার ঘটনা ঘটল। সরকার পতনের পর থেকে কাজী আলমগীর কিংবা তাঁর পরিবারের কোনো সদস্য ওই বাসভবনে বসবাস করছিলেন না।
একই রাতে শহরের অন্য একটি এলাকায় জেলা শ্রমিক লীগের সহসভাপতি খলিলুর রহমানের বাসভবনে হামলা ও ভাঙচুর চালানো হয়। হামলাকারীরা বাড়ির বিভিন্ন মালামাল ও জানালার অংশ ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি বিদ্যুৎ সংযোগের মিটারও ভেঙে ফেলে।
এদিকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনের পটুয়াখালী শহরের পিডিএস মাঠসংলগ্ন চারতলা ভবনের সামনেও কয়েক দফায় আগুন ও পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। ভবনটিতে বিভিন্ন পেশার মানুষ ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। সেখানে কয়েকটি অফিসও রয়েছে। স্থানীয় ভাড়াটিয়াদের তৎপরতায় আগুন ভবনের ভেতরে ছড়িয়ে পড়তে পারেনি।
বৃহস্পতিবার ভোররাতে পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন মিয়ার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।
এছাড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ারের পুরান বাজার এলাকার বাসায়ও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। স্থানীয়দের সহায়তায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। এ সময় আতঙ্কিত হয়ে পরিবারের সদস্য ও স্বজনেরা বাসার পেছনের দরজা দিয়ে বের হয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন বলে জানা গেছে।
একই রাতে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পটুয়াখালী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সৈয়দ সোহেলের টাউন জৈনকাঠি এলাকার বাড়িতেও হামলার ঘটনা ঘটে। হামলার সময় আতঙ্কের মধ্যে পরিবারের সদস্যরা বাড়িতে অবস্থান করেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নানের পুরান বাজার এলাকার বাড়িতেও হামলা চালানো হয়। অন্যদিকে পটুয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার বাসভবন লক্ষ্য করেও আগুন নিক্ষেপের চেষ্টা করা হয় বলে জানা গেছে। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
স্থানীয়দের ধারণা, ১৯ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এসব হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে থাকতে পারে। তবে কর্মসূচির সঙ্গে হামলার কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
পটুয়াখালী ফায়ার সার্ভিসের টিম লিডার মনোজ দত্ত বলেন, “আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, “অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নেভানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এসব ঘটনায় কারা জড়িত, তা এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এক রাতের ব্যবধানে একাধিক বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনো পাওয়া যায়নি। একই সঙ্গে এসব ঘটনার পেছনের কারণ এবং জড়িত ব্যক্তিদের পরিচয়ও নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।”



















