আইইডিসিআর পরিচালককে মারধর বিএনপিপন্থি চিকিৎসকদের
- আপডেট সময় ০৭:২৪:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / ২৬ বার পড়া হয়েছে
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদের কার্যালয়ে ঢুকে তাকে মারধরের অভিযোগ উঠেছে। বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীরা দলবদ্ধভাবে এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে আইইডিসিআরের প্রধান কার্যালয়ে পরিচালকের কক্ষে এ ঘটনা ঘটে।সূত্র জানায়, ঘটনার সময় পরিচালক অধ্যাপক কাজী আহমেদ নিজের কক্ষে কয়েকজনের সঙ্গে বৈঠক করছিলেন। এ সময় হঠাৎ ৮ থেকে ৯ জন ব্যক্তি তার কক্ষে প্রবেশ করেন। এরপর তারা তাকে চেয়ার থেকে টেনেহিঁচড়ে তুলে মারধর শুরু করেন।
এ ঘটনা স্বীকার করে ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ গণমাধ্যমকে বলেন, ‘ওর (কাজী আহমেদ) তো কিছু দোষ আছে।’ কী দোষ- জানতে চাইলে তিনি দাবি করেন, বর্তমান সরকারের আমলে অধ্যাপক কাজী আহমেদ কীভাবে সাবেক পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরার সঙ্গে নিজ অফিসে বৈঠক করেন?
এ বিষয়ে আইইডিসিআর পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকি জানান, তিনি এ ঘটনায় প্রাতিষ্ঠানিক ও দাপ্তরিকভাবে যথাযথ ব্যবস্থা নিচ্ছেন।



















