ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জাল ভোট দিতে গিয়ে আটক তিনজন
- আপডেট সময় ১২:৫৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / ৩৬ বার পড়া হয়েছে
ত্র্যয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অন্যের পরিচয়ে ভোট দিতে গিয়ে তিনজন আটক হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট আনছারিয়া ফাজিল মাদ্রাসা ভোটকেন্দ্রে তাদের শনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের জিজ্ঞাসাবাদ করেন।
আটক তিনজন হলেন হিমেল, সিয়াম ও মিনহাজ। তাদের মধ্যে হিমেল আলিম দ্বিতীয় বর্ষের এবং সিয়াম ও মিনহাজ আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী।
ভোটকেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মুহাম্মদ আবু সায়েম বলেন, সবার সহযোগিতায় তিনজন ভুয়া ভোটারকে শনাক্ত করা হয়েছে। এ সময় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কেন্দ্রে এসে তাদের জিজ্ঞাসাবাদ করেন। আপাতত তাদের একটি কক্ষে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিন সকাল আটটা থেকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী উপজেলার ২২টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তাদের মধ্যে নারী ২ লাখ ৫৮ হাজার ৬৫৯ জন, পুরুষ ২ লাখ ৫৭ হাজার ৪৭৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন।
নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এ ছাড়া এসআরবি সদস্য ১৯০ জন, আনসার সদস্য ২ হাজার ৪৬০ জন এবং পুলিশ সদস্য ২ হাজার ২৭২ জন দায়িত্ব পালন করছেন। নিরাপত্তার জন্য মোতায়েন রয়েছে ২৪টি মোবাইল টিম, বিজিবির ২১ প্লাটুন সদস্য, ১২টি ড্রোন ও তিনটি ডগ স্কোয়াড।
জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম জানান, আসনের ১৮৫টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয়ী হয়েছিলেন। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আসনটি শূন্য হলে উপনির্বাচনের আয়োজন করা হয়।



















