বেতন বাড়ানোর দাবিতে মিরপুর ১০ নম্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ করে বিক্ষোভ
- আপডেট সময় ১২:৫৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / ২৭ বার পড়া হয়েছে
বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এতে ওই এলাকায় যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হচ্ছে।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে কয়েকটি পোশাক কারখানার কয়েক শ শ্রমিক ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা সড়ক অবরোধ করলে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদারের দিকনির্দেশনায় ট্রাফিক মিরপুর বিভাগ ও সংশ্লিষ্ট থানার সদস্যরা যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছেন।
এ বিষয়ে হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকেরা মিরপুর ১০ নম্বর এলাকায় সড়কে অবস্থান নিয়েছেন। পুলিশ তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।
তথ্যসূত্র: চ্যানেল ২৪























