বিশ্ববিদ্যালয় ছাত্রীও পেলেন সারের ডিলারশিপ, বাবা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক
- আপডেট সময় ০১:৫৫:৩১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / ২৮ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ ইউনিয়নে সারের ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শবনম মুস্তারী সিনথিয়া। তাঁর বাবা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ একটি মাদ্রাসার প্রভাষক। রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিক্ষার্থী মেয়ের নামে ডিলারশিপ নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুধু শবনম নন, ঠাকুরগাঁওয়ে নতুন নিয়োগ পাওয়া সার ডিলারের তালিকায় রয়েছেন নেতাদের স্ত্রী, সন্তান, ভাই ও স্বজন। তাদের মধ্যে কেউ খুচরা সার বিক্রেতা, কেউ টিসিবি ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার, আবার কেউ চাকরিজীবী পরিবারের সদস্য। এমনকি সার ব্যবসার পূর্ব অভিজ্ঞতা না থাকা ব্যক্তিরাও ডিলারশিপ পেয়েছেন বলে অভিযোগ উঠেছে।
জেলার চার উপজেলার ২৯টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় ৩১ জন নতুন সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে ২৮ জন বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ রয়েছে। বাকি তিনজনের মধ্যে দুজন আওয়ামী লীগের নেতা ও সমর্থক।
অন্যদিকে, দীর্ঘদিন ধরে সার ব্যবসা করেও ডিলারশিপ পাননি কয়েকজন ব্যবসায়ী। তাদের অভিযোগ, রাজনৈতিক পরিচয় ও অর্থের প্রভাবেই ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।
গত ৪ নভেম্বর কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং শাখা নতুন ডিলার নিয়োগের চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। তবে নিয়োগ প্রক্রিয়া, যাচাই-বাছাই এবং সুপারিশের তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ উঠেছে।
বাংলাদেশে সরকারি সার (ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি) বিক্রির ডিলারশিপ পেতে কৃষি মন্ত্রণালয়ের নির্ধারিত নীতিমালা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের শর্ত পূরণ করতে হয়। সাধারণত ডিলারশিপ পাওয়ার ক্ষেত্রে আবেদনকারীর যোগ্যতা, আর্থিক সক্ষমতা, গুদাম, বিক্রয়কেন্দ্র এবং সংশ্লিষ্ট এলাকায় কৃষকদের কাছে সার সরবরাহের সক্ষমতা বিবেচনা করা হয়।
ডিলারশিপ পাওয়ার জন্য আবেদনকারীর বৈধ ট্রেড লাইসেন্স, পাঁচ লাখ টাকার ব্যাংক সলভেন্সি, আয়কর রিটার্ন, অন্তত ২৫ টন ধারণক্ষমতার গুদাম থাকতে হয়।
নতুন নিয়োগ পাওয়া ডিলারদের যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, ৩১ জনের মধ্যে ২৬ জনের আগে ব্যবসা ছিল না। তাদের কারও আয়কর-সংক্রান্ত নথি বা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আগে ব্যাংক হিসাবও ছিল না। অনেকের নির্ধারিত ধারণক্ষমতার গুদাম নেই বলেও অভিযোগ করেছেন স্থানীয় সার ব্যবসায়ীরা।
রানীশংকৈল উপজেলার বটতলী বাজারের সার ব্যবসায়ী জয়নাল আলী বলেন, দলীয় বিবেচনায় অযোগ্য ব্যক্তিদের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। বেশির ভাগের ব্যবসার অভিজ্ঞতা নেই, গুদাম নেই। প্রকৃত সার ব্যবসায়ীরা সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।
বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নে ২৭ বছর ধরে সার ব্যবসা করেও ডিলারশিপ পাননি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল ওহাব। তিনি বলেন, সারের ডিলার নিয়োগে দুর্নীতি হয়েছে।
পীরগঞ্জ ইউনিয়নে ডিলার নিয়োগ পাওয়া শবনম মুস্তারী সিনথিয়া ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁর বাবা মামুনুর রশীদ পীরডাঙ্গী সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রভাষক। ফোনে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
হরিপুরের ভাতুরিয়া ইউনিয়নে ডিলার হিসেবে নিয়োগ পাওয়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা পারভীন বলেন, তাঁর পরিবার অনেক বছর ধরে ব্যবসা করছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই তিনি আবেদন করেন। যাচাই-বাছাই শেষে নিয়োগ পেয়েছেন। এখানে রাজনৈতিক বিবেচনা করা হয়নি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী বলেন, দীর্ঘদিন দলের নেতাকর্মীরা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। এখন তাদের অনেকে ব্যবসা-বাণিজ্যে মনোযোগী হয়েছেন। এ কারণে তারা সার ডিলারের জন্য আবেদন করেছেন। ডিলার নিয়োগে দলের কোনো প্রভাব ছিল না।
ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম বলেন, যারা ডিলার হিসেবে নিয়োগ পাননি, তারা নানা কথা ছড়াচ্ছেন। ইউএনও ও জেলা প্রশাসকের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এতে তাঁর কোনো ভূমিকা নেই। আওয়ামী লীগের যাকে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে, তিনি তাঁর নির্বাচনে কাজ করেছিলেন।
জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মাজেদুল ইসলাম বলেন, নতুন সার ডিলার নিয়োগের বিষয়ে কৃষি বিভাগের কোনো মন্তব্য নেই।
জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, উপজেলা কমিটি আবেদন যাচাই-বাছাই করেছে। জনপ্রতিনিধিদের সঙ্গে পরামর্শ করে নীতিমালা অনুযায়ী সুপারিশ করা হয়েছে। জেলা কমিটি সেই সুপারিশে কোনো পরিবর্তন করেনি। তালিকা মন্ত্রণালয়ে পাঠানোর পর সরকার নিয়োগ দিয়েছে। অনিয়মের কোনো অভিযোগ তারা পাননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।



















