আমি ধর্মপ্রাণ মানুষ, মৃত্যুর পর নরকে নয়, স্বর্গে যাব: ট্রাম্প
- আপডেট সময় ০৬:৩৯:২৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / ২০ বার পড়া হয়েছে
মৃত্যুর পর স্বর্গে যাওয়ার আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘আমি একজন ধর্মপ্রাণ মানুষ। তাই তাত্ত্বিকভাবে আমার স্বর্গে যাওয়ার কথা। আমি সেটাই আশা করি। আমি নরকে যেতে চাই না।’ তবে স্বর্গে যাওয়ার জন্য রাজনৈতিক শত্রুদের ক্ষমা করতে নারাজ তিনি। এছাড়া নরকে যেতে চান না জানিয়ে তিনি বলেছেন, কিছু শত্রুকে তিনি ঘৃণা করেন এবং সব সময়ই করবেন।
সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি একজন ধর্মপ্রাণ মানুষ। তাই মৃত্যুর পর তার স্বর্গে যাওয়ার কথা। তবে তিনি আশা করেন, মৃত্যুর পর মানুষ তাকে মনে রাখবে।
সাক্ষাৎকারে অপ্রত্যাশিতভাবে উঠে আসে মৃত্যু ও পরকাল প্রসঙ্গও। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার আগে-পরে ট্রাম্প একাধিকবার হত্যাচেষ্টার শিকার হয়েছেন। এ বিষয়টি সামনে এনে তার কাছে নিজের মৃত্যুচিন্তা নিয়ে প্রশ্ন করেন অনুষ্ঠানের সংবাদদাতা রস ডুথাট।
স্থানীয় সময় রোববার (৮ নভেম্বর) প্রচারিত ওই সাক্ষাৎকারে ৮০ বছর বয়সী ট্রাম্পকে ডুথাট প্রশ্ন করেন, একাধিক হত্যাচেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর নিজের মৃত্যু নিয়ে তার দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন এসেছে কি না। এরপর সরাসরি জানতে চান, ‘আপনার কী মনে হয়, মৃত্যুর পর কী ঘটে?’
কিছুক্ষণ থেমে ট্রাম্প বলেন, ‘আশা করি, মানুষ আমাকে মিস করবে।’ এরপর তিনি বলেন, ‘আমি একজন ধর্মপ্রাণ মানুষ। তাই তাত্ত্বিকভাবে আমার স্বর্গে যাওয়ার কথা। আমি সেটাই আশা করি। আমি নরকে যেতে চাই না।’



















