৫০ টাকার মুরগি নামে-বেনামে ৮০ টাকা
নোবিপ্রবির ডাইনিং-ক্যান্টিনগুলোতে ‘নাম বদল বাণিজ্য’
- আপডেট সময় ০৬:৪৮:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / ২২ বার পড়া হয়েছে
চালের ড্রাম থেকে শুরু করে ডালের বাটি, সবকিছুর পেছনেই এখন আকাশছোঁয়া দ্রব্যমূল্যের ঝাঁজ। সাধারণ শিক্ষার্থীদের ভরসার জায়গা বলতে ক্যাম্পাসের হলের ডাইনিং আর টুকিটাকি খাবারের দোকানগুলো। কিন্তু সেই স্বস্তির জায়গাতেও এখন চলছে অদৃশ্য এক ‘নাম বদল বাণিজ্য’। একই ব্রয়লার মুরগি কখনো ‘ঝালফ্রাই’, কখনো ‘কালাভুনা’, আবার কখনো ‘রোস্ট’ বা ‘ঝালকারি’ সেজে শিক্ষার্থীদের পকেট কাটছে এমনই চাঞ্চল্যকর চিত্র উঠে এসেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাসে।
৫০ টাকার মুরগি ৬০ থেকে ৮০ টাকা!
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্রয়লার মুরগির দাম ৫০ টাকা নির্ধারণ করে দিলেও ডাইনিং ও ক্যান্টিন পরিচালকরা সেই নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। সাধারণ ব্রয়লার মুরগিতে অতিরিক্ত তেল, মসলা মিশিয়ে কিংবা রান্নার ধরনে সামান্য পরিবর্তন এনে বাহারি সব নাম দেওয়া হচ্ছে।
তালিকায় দেখা যায়, প্রশাসনের নির্ধারিত ৫০ টাকার মুরগিই ‘ঝালফ্রাই’ হিসেবে বিক্রি হচ্ছে ৬০ টাকায়, ‘কালাভুনা’ ৭০ টাকায় এবং ‘রোস্ট’ হিসেবে নেওয়া হচ্ছে ৮০ টাকা পর্যন্ত। অথচ ওজন, পরিমাণ কিংবা মানের দিক থেকে রান্নার এই ভেলকিবাজির কোনো বাস্তব ফারাক নেই বললেই চলে। নাম পরিবর্তনের এই খেলায় শিক্ষার্থীদের অতিরিক্ত ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত গচ্চা দিতে হচ্ছে। মাস শেষে যা একজন সাধারণ শিক্ষার্থীর হাত খরচে বড় ধরনের টান ধরাচ্ছে।
ক্ষুব্ধ শিক্ষার্থীরা, প্রশাসনের তদারকির অভাব
ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী শাহাদাত হোসেন হতাশা প্রকাশ করে বলেন, “হলের ডাইনিং বা ক্যাম্পাসের দোকানে কম খরচে ভালো খাবার পাওয়ার প্রত্যাশা থাকে। কিন্তু একই ব্রয়লার মুরগি ভিন্ন নামে বিক্রি করে অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে। নির্ধারিত মূল্যতালিকা থাকলেও তা কেউ মানছে না। প্রোক্টরিয়াল বডির নিয়মিত মনিটরিংয়ের অভাবেই আজ এ পরিস্থিতি তৈরি হয়েছে।”
সমুদ্রবিজ্ঞান বিভাগের আবাসিক শিক্ষার্থী আতিকুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, “আগে হলে ৫০ টাকায় ভাতের সঙ্গে মুরগি পাওয়া যেত। এখন ৬০ টাকা দিয়ে ঝালফ্রাই নিলেও মাংসের টুকরো সেই আগের মতোই ছোট থাকে। শুধু মুরগি নয়, মালেক হলে প্রায়ই ঠান্ডা ভাত দেওয়া হয়, রাতের বেলা পান্তা বা সকালের বাসি খিচুড়ি ৩৫ টাকায় চালিয়ে দেওয়া হয়। আর সালাম হলের ডালে তো প্রায়ই পচা বা পুরোনো গন্ধ পাওয়া যায়।”
স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা
খাবারের এই রমরমা কারসাজির পাশাপাশি তৈরি হচ্ছে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি। এ বিষয়ে নোবিপ্রবির ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান ড. মানসুরা মকবুল বলেন, “ক্যাম্পাসে খাবারের বৈচিত্র্য থাকা ভালো, তবে তা যেন শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত হয়। মুরগি রান্নায় অতিরিক্ত তেল, মসলা এবং পোড়া বা বারবার ব্যবহার করা তেল শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। দীর্ঘদিন এ ধরনের খাবার খাওয়ার ফলে পুষ্টিগুণ যেমন নষ্ট হয়, তেমনি তা দীর্ঘমেয়াদে জটিল স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।”
কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থার আশ্বাস
শিক্ষার্থীদের এসব অভিযোগের বিষয়ে আবদুল মালেক উকিল হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ জানান, একই মুরগি বিভিন্ন নামে উচ্চমূল্যে বিক্রির বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এটি বন্ধে ডাইনিং ম্যানেজারদের সঙ্গে দ্রুত কথা বলা হবে। শিক্ষার্থীদের যেকোনো অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তা সমাধানের আশ্বাস দেন তিনি।
এদিকে ক্যাম্পাসের দোকানগুলোতে অনিয়মের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ.এফ.এম আরিফুর রহমান বলেন, “খাবারের দাম নিয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে কয়েকটি দোকানকে জরিমানা করা হয়েছে। তবে দোকানগুলোর নিয়ন্ত্রণ নিয়ে একটু জটিলতা রয়েছে। অনেকে চুক্তির পর গোপনে অন্য কারো কাছে দোকান হস্তান্তর করায় প্রকৃত দায়িত্বশীলদের জবাবদিহির আওতায় আনা কঠিন হয়।”
তিনি আরও যোগ করেন, “দোকানমালিকদের সঙ্গে দ্রুত বৈঠক করে মূল্যতালিকা ও বিক্রির বিষয়গুলো পুনরায় কঠোরভাবে নির্ধারণ করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী মূল্যে খাবারের বিকল্প বাড়াতে ছাত্র ক্যান্টিনের পরিসর বৃদ্ধি এবং নতুন স্টল স্থাপনের পরিকল্পনা চলছে, যেন ক্যাম্পাসে স্বাস্থ্যকর প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা কম দামে খাবার পেতে পারেন।”
শিক্ষার্থীদের প্রত্যাশা, প্রশাসনের এই আশ্বাস যেন কেবল কাগজে-কলমে কিংবা মৌখিক প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ না থাকে। নিয়মিত তদারকি, নির্ধারিত মূল্যতালিকার কঠোর বাস্তবায়ন এবং মানসম্মত খাবার নিশ্চিত করার মধ্য দিয়েই ক্যাম্পাসের ডাইনিং ও ক্যান্টিনগুলোতে স্বস্তি ফিরবে এমনটাই দাবি সাধারণ শিক্ষার্থীদের।



















