ব্যক্তিগত কারণ দেখিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদল নেতার পদত্যাগ
- আপডেট সময় ০৩:২৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / ৪ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নেয়াজুল ইসলাম সোহান বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড এবং সাংগঠনিক দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন তিনি। ফেসবুক পোস্টে দেওয়া নেয়াজুল ইসলাম সোহান বলেন,অনেক চিন্তা-ভাবনা ও আত্মসমালোচনার পর আজ আমি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছি। ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল রাজনৈতিক কর্মকাণ্ড ও সাংগঠনিক দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।”
পদত্যাগের ঘোষণায় তিনি আরও বলেন,“দীর্ঘদিন টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে সহযোদ্ধাদের সঙ্গে রাজপথে কাজ করার সুযোগ হয়েছে। রাজনৈতিক জীবনের সুখ-দুঃখ, আন্দোলন-সংগ্রাম এবং সহকর্মীদের সঙ্গে কাটানো সময়গুলো তাঁর স্মৃতিতে অমলিন হয়ে থাকবে। তবে বর্তমান পরিস্থিতিতে নিজের ব্যক্তিগত জীবন, পরিবার ও ভবিষ্যৎকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন অনুভব করায় সক্রিয় রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন।”
পদত্যাগের বিবৃতির শেষাংশে রাজনৈতিক জীবনে তাঁর কোনো কথা বা কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা প্রার্থনা করেন সোহান। পাশাপাশি টুঙ্গিপাড়াবাসী, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এদিকে, তাঁর পদত্যাগের ঘোষণার সময় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার ঘটনাও আলোচনায় এসেছে। গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীরা। এ সময় আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার অভিযোগও ওঠে। পরবর্তী সময়ে থানার বিভিন্ন কক্ষ ও আসবাবপত্র ভাঙচুর ও আগুন দেন তারা। এতে পুলিশের যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়।
একই রাতে গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানীর পাটগাতী এলাকার পৈতৃক বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংসদ সদস্যের বাড়ির পাশাপাশি তাঁর আত্মীয়স্বজনের আরও কয়েকটি বাড়িতেও আগুন দেওয়া হয়। পরিবারের সদস্যরা বাড়িতে লুটপাটের অভিযোগও করেছেন। এসব ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ ছাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় টুঙ্গিপাড়া থানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। ক্ষতিগ্রস্ত থানা ভবন, সরকারি যানবাহন এবং সংসদ সদস্যের পরিবারের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা স্থানীয় রাজনৈতিক পরিস্থিতিকে আরও আলোচনায় নিয়ে আসে।



















